মার্কিন সংস্থার জরিপ
ট্রাম্পকে চান না ৬০ শতাংশ মার্কিনি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ঘিরে জনঅসন্তোষ বাড়ছে। দেশটির সুপ্রিম কোর্ট তার আরোপিত শুল্কনীতি বাতিল করলেও ভিন্ন আইনের ভিত্তিতে ১৫ শতাংশ শুল্ক বহাল রেখেছেন ট্রাম্প। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মতপার্থক্য যেমন তীব্র হয়েছে, তেমনি দেশের ভেতরেও বাড়ছে বিরোধিতা। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিনি তাকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করতে চান।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট ইপসোস নলেজ প্যানেলের সহায়তায় যুক্তরাষ্ট্রজুড়ে এই সমীক্ষা পরিচালনা করে। জরিপে অংশ নেওয়া অধিকাংশ নাগরিক ট্রাম্পের শুল্কনীতি, বৈদেশিক সম্পর্ক, অভিবাসন নীতি এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
জরিপ অনুযায়ী, প্রায় ৬৫ শতাংশ মার্কিনি মনে করেন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্পের নীতি কার্যকর নয়। আমদানিপণ্যে উচ্চ শুল্ক আরোপের বিরোধিতা করেছেন ৬৪ শতাংশ উত্তরদাতা। ৬২ শতাংশ মানুষ তার বৈদেশিক নীতিকে ভুল বলে মনে করেন।
এছাড়া ৫৮ শতাংশ অংশগ্রহণকারী অভিবাসন নীতির সমালোচনা করেছেন এবং ৫৭ শতাংশের মতে ট্রাম্পের নীতিতে দেশের সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তবে প্রেসিডেন্টের প্রতি অসন্তোষ থাকলেও ডেমোক্র্যাটদের প্রতিও আস্থা খুব বেশি নয়। “আমেরিকার জনগণ কাদের বেশি বিশ্বাস করেন”—এই প্রশ্নে ৩৩ শতাংশ ট্রাম্পের পক্ষে মত দিয়েছেন, ডেমোক্র্যাটদের প্রতি আস্থা প্রকাশ করেছেন ৩১ শতাংশ, আর সমান ৩১ শতাংশ বলেছেন তারা কারও ওপরই ভরসা করেন না।
সূত্র: হিন্দুস্তান টাইমস
ভিওডি বাংলা/এমএস







