রাজশাহী যুবদলে ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ

রাজশাহী মহানগর যুবদলের ৪১টি সাংগঠনিক ওয়ার্ডে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ‘ফ্যাসিস্টদের পুনর্বাসন’ -এর অভিযোগ তুলে মানববন্ধন করেছেন বঞ্চিত নেতাকর্মীরা।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, গত ১৭ বছর ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার’ পতনের আন্দোলনে রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের শাসনামলে জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই দীর্ঘ সময় বাড়িতে অবস্থান করতে পারেননি।
তাদের অভিযোগ, সেই ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে মহানগরীর ৪১টি সাংগঠনিক ওয়ার্ডের কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন করা হচ্ছে। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধন থেকে মহানগর যুবদলের ৪১টি ওয়ার্ডে গঠিত নতুন ‘পকেট কমিটি’ বাতিল করে অনতিবিলম্বে পুনরায় কমিটি গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।বক্তারা আরও অভিযোগ করেন, ৫ আগস্টের আগে যারা স্বৈরাচারী আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে ছিলেন- এমন যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের অর্থের বিনিময়ে (প্রায় ২০০ জন) যুবদলের ৪১টি ওয়ার্ড কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক ভিত্তি দুর্বল করার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়।
এ ঘটনায় রাজশাহী মহানগর বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ তোলা হয়। এছাড়া, অতীতে আওয়ামী লীগের পক্ষে কাজ করার অভিযোগে দলীয়ভাবে শোকজ হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও বহিষ্কারের দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, আব্দুল কাদের বকুল (সাবেক আহ্বায়ক, ২১ নম্বর ওয়ার্ড যুবদল), মো. নাজির হাসান (যুগ্ম আহ্বায়ক, ৩ নম্বর ওয়ার্ড যুবদল), আনোয়ারুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক, ২ নম্বর ওয়ার্ড যুবদল), শফিউল আলম টিয়া (সাবেক আহ্বায়ক, মতিহার থানা যুবদল), তানভীর আলম (যুগ্ম আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল)সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভিওডি বাংলা/মোঃ রমজান আলী/আ







