জাহানারার অভিযোগ প্রমাণিত, নিষিদ্ধ মঞ্জুরুল

জাহানারা আলম-এর করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে নিষিদ্ধ হয়েছেন নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলাম। ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো দায়িত্বে তাকে দেখা যাবে না। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র এক পরিচালক।
রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তে অভিযোগের আংশিক সত্যতা প্রমাণিত হওয়ায় মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয় বোর্ড।
বিসিবি অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছিল। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে কমিটি জানায়, জাহানারার আনা চারটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দুটি অভিযোগই মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে।
তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশের মাটিতে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বিসিবি। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেট দলের সঙ্গে যুক্ত থাকলেও দেশে ফিরে বা দেশের কোনো ঘরোয়া ক্রিকেট কার্যক্রমে তিনি আর কোনো ভূমিকা পালন করতে পারবেন না।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারার তোলা কয়েকটি অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তদন্তে সাবেক নির্বাচক ও ম্যানেজারের বিরুদ্ধে অসদাচরণ ও হয়রানির প্রমাণও পাওয়া যায়।
তদন্ত কমিটির পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘হয়রানি’র পর্যায়ে পড়ে।
ভিওডি বাংলা/ আ







