পুরনো কর্মস্থলে ড. মুহাম্মদ ইউনূস

দীর্ঘ ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আগের কর্মস্থলে ফিরে গেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পুরনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরেছেন বলে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে তিনি জানান, মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে সকালে পৌঁছালে তাকে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন ও ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা। পরে ড. ইউনূস তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই অর্থনীতিবিদ চলতি মাসের শেষ নাগাদ সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান।
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে।
ভিওডি বাংলা/আ







