• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুমারখালীতে দুই শতাধিক পরিবার পেল একমাসের খাদ্য সামগ্রী

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালীতে বিনামূল্যে দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারকে চাল, ডাল, তেল, রসুন, পেঁয়াজ, খেঁজুর, চিনিসহ ১৭ পদের খাবার প্রদান করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী প্রদান করেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারীরা।

দুপুরে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের সুরাইয়া বিলকিস চিত্ত বিত্ত বিদ্যাপীঠ এলাকায় সরেজমিন দেখা যায়, ট্রাক ও ভ্যানে সাজানো রয়েছে সাদা প্লাস্টিকের বস্তা ভরা খাদ্য সামগ্রী। পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী নাম ডাকা হচ্ছে। সে অনুযায়ী নানাবয়সি নারীরা দুই বস্তা করে খাবার নিয়ে যাচ্ছেন।

এ সময় ষাটোর্ধ নারী খোদেজা খাতুন বলেন, ‘আমার স্বামী-ছেলে নাই। কেউ নাই আমি একা। বেটারা ট্রাকে করে আসে দুই বস্তা খাবার দিছে। আমরা গরিব মানুষ। খুব খুশি হয়ছি।'

নন্দলালপুর ইউনিয়নের চকরঘুয়া এলাকার হাবিবুল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন বলেন, ‘স্বামী রাজমিস্ত্রির কাজ করত। বছর দুয়েক আগে পড়ে গিয়ে মাজায় আঘাত পেয়েছিল। এরপর থেকে ভারি কাজ করতে পারেনা। এক মেয়ে ও ছেলে নিয়ে খুব কষ্টে দিন যাচ্ছে। রমজানে সবকিছুর দাম বাড়ে যাওয়ায় কষ্ট হচ্ছে দ্বিগুণ। আজ হঠাৎ কয়জন লোক ট্রাকে এসে নাম ধরে ডাকছিল। গিয়ে দেখি আমার নামে দুই বস্তা খাবার। বস্তার মু্খ খুলে দেখি চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, আলু, খেঁজুর, চিনিসহ মেলা কিছু। এতে রোজার মাসটা ভালোভাবেই চলে যাবে।’

আয়োজকরা জানায়, মাহে রমজান উপলক্ষ্যে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের পক্ষ্যে থেকে প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম সরিষার তেল, এক কেজি করে চিনি, লবন, মসুর ডাল, এ্যাংকার ডাল, ছোলা, খেজুর, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম রসুন, ১০০ গ্রাম শুকনা মরিচ, ২০০ গ্রাম জিরা, দুই পিস করে সাবান ও ২০০ মিলি নারিকেল তেল প্রদান করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোর্শেদ আলম বলেন, রমজান মাসে যেন কোনো গরিব ও অসহায় মানুষ না খেয়ে থাকেন। বা খাদ্য কষ্টে না ভোগেন। সেই লক্ষ্যে দুই শতাধিক পরিবারকে ১৭ পদের খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আরো বেশি মানুষকে এই মানবিক সহায়তা করা হবে।

কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুল লতিফ বলেন, আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সমাজের অসহায়, গরিব ও দুস্থদের কল্যাণে অবিরত কাজ করে চলেছে। মানবসেবায় সমাজের অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪১০ কেজি পাতা মাছ জব্দ, আটক ২২ জেলে
৪১০ কেজি পাতা মাছ জব্দ, আটক ২২ জেলে
জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
জনপ্রশাসনকে জনবান্ধব হয়ে উঠতে হবে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
শুদ্ধ বাংলার চর্চায় সমন্বিত উদ্যোগের অঙ্গীকার জেলা প্রশাসক অন্নপূর্ণার
শুদ্ধ বাংলার চর্চায় সমন্বিত উদ্যোগের অঙ্গীকার জেলা প্রশাসক অন্নপূর্ণার