মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যায় ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী নিহত হন। এছাড়া আহত হন অন্তত ২০ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ।
এদিকে দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ভিওডি বাংলা/মহিবুল আহসান লিমন/আ







