• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় ১৮ সংগঠনের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

প্রাণসায়ের খাল দখলের অপচেষ্টা, সাতক্ষীরায় সর্বস্তরের মানুষের বিক্ষোভ ও মানববন্ধন। শহরের ঐতিহ্যবাহী প্রাণসায়ের খাল পুনরায় দখল ও ভরাটের অপচেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের প্রাণকেন্দ্র সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ব্রিজ সংলগ্ন এলাকায় এক বিশাল মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

সদ্য জেগে ওঠা প্রাণসায়ের খাল পুনঃমৃতকরণের অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদী বন্ধন শীর্ষক এই কর্মসূচির ডাক দেয় প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ সাতক্ষীরা। এতে স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বক্তারা বলেন, একসময় সাতক্ষীরা শহরের বুক চিরে প্রবাহিত প্রাণসায়ের খাল জেলার ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত একটি জলাধার। ব্রিটিশ আমলে স্থানীয় জমিদার প্রাণনাথ রায় চৌধুরী ১৮৬০ সালের দিকে শহরের উন্নয়ন, নৌযান চলাচল ও কৃষিকাজের সুবিধার্থে এই খাল খনন করেন। তাঁর নামানুসারেই খালের নাম হয় প্রাণসায়ের খাল। একসময় খালটি মরিচ্চাপ নদী থেকে বেতনা নদীর সঙ্গে সংযুক্ত ছিল এবং নৌযান চলাচল সেচ ও স্থানীয় বাণিজ্যের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। শহরের পানি নিষ্কাশন কৃষি উৎপাদন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।

বিক্ষোভকারীরা জানান, এক সময়ের প্রমত্তা প্রাণসায়ের খাল ছিল সাতক্ষীরা শহরের প্রাণস্পন্দন। শহরের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনে এই খালের ভূমিকা অনস্বীকার্য। তবে দীর্ঘদিনের দখলদারিত্ব ও অব্যবস্থাপনায় খালটি মৃতপ্রায় হয়ে পড়েছিল। সাম্প্রতিক কিছু উদ্যোগের ফলে খালটি যখন প্রাণ ফিরে পেতে শুরু করেছে  ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল আবারও এটি ভরাটের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি খাল ভরাট হওয়া মানে শহরের পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়া। প্রাণসায়ের খাল পুরোপুরি ভরাট হলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই শহরবাসীকে চরম জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হবে। এটি জীববৈচিত্র্যের জন্যও বড় ধরনের হুমকি।

আন্দোলনকারীরা অবিলম্বে খালের ওপর সকল প্রকার অবৈধ দখল উচ্ছেদ এবং স্থায়ী সংরক্ষণে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে এই অপচেষ্টার সাথে জড়িতদের দ্রুত তদন্তের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে আরও বৃহত্তর ও লাগাতার আন্দোলন গড়ে তোলা হবে। পরিবেশ রক্ষায় এবং খালের অস্তিত্ব টিকিয়ে রাখতে শহরবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কর্মসূচি শেষ করা হয়।

ভিওডি বাংলা/-আবদুল্লাহ আল মামুন/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিঠাপুকুরে ৩১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মিঠাপুকুরে ৩১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বোরকা পরে ছদ্মবেশে বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান ও জরিমানা
বোরকা পরে ছদ্মবেশে বাজারে ম্যাজিস্ট্রেটের অভিযান ও জরিমানা
শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী
শেয়ারবাজার ও অর্থনীতিতে আসছে বড় পরিবর্তন: অর্থমন্ত্রী