শপথ নিলেন এনসিপি'র নির্বাচিত সংসদ সদস্যরা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচিত ছয়জন সংসদ সদস্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটায় শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ পাঠ করান।
একই সঙ্গে এনসিপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। এবারের নির্বাচনে এনসিপি অংশ নিয়েছিল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শরীক হিসেবে। এর আগে জামায়াতের এমপিরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছিল।
তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। সংসদ ভবনে বিএনপির শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশে বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, “আমরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছি না।”
তিনি আরও বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটি স্বীকৃত নয়। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং সংবিধানেই নির্ধারণ করতে হবে কে সদস্য হিসেবে শপথ গ্রহণ করবে।”
ভিওডি বাংলা/এমএস







