• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুর

শালবন রক্ষায় নারীদের ‘বিউটি অ্যান্ড মেকআপ’ প্রশিক্ষণ শুরু

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পি.এম.
শালবন রক্ষায় নারীদের ‘বিউটি অ্যান্ড মেকআপ’ প্রশিক্ষণ শুরু। ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মধুপুর শালবন পুনঃপ্রতিষ্ঠা এবং বনের ওপর নির্ভরশীল স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। ‘হাজার শাল লাগাই, হারানো শালবন ফেরাই’ এই স্লোগানকে সামনে রেখে বন অধিদপ্তরের আওতাধীন টাঙ্গাইল বন বিভাগ এ উদ্যোগ গ্রহণ করেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মধুপুর রেঞ্জের দোখলা রেস্ট হাউজে আনুষ্ঠানিকভাবে ‘বিউটি অ্যান্ড মেকআপ’ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্থানীয় বননির্ভর পরিবারের নারী সদস্যদের ২৫ জন বিউটি সিয়ানের অংশগ্রহণে আয়োজিত প্রশিক্ষণটি পরিচালনা করেন রুবি চিসিম।

দু'দিন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। তিনি বলেন, শুধুমাত্র গাছ লাগিয়ে বন রক্ষা সম্ভব নয়, যদি না আমরা স্থানীয় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। বিউটি অ্যান্ড মেকআপ বিষয়ক এই প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ করে নারীরা স্বাবলম্বী হতে পারবেন এবং বন ধ্বংস না করে নিজেদের জীবনমান উন্নত করতে পারবেন।

শালবন রক্ষায় নারীদের ‘বিউটি অ্যান্ড মেকআপ’ প্রশিক্ষণ শুরু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী বন সংরক্ষক (উত্তর) জনাব রানা দেব। তিনি বলেন, বন সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। এ ধরনের কারিগরি প্রশিক্ষণ ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক ও মধুপুর রেঞ্জ কর্মকর্তা রোকসানা জাহান, সহকারী বন সংরক্ষক ও সদর রেঞ্জ কর্মকর্তা রাব্বি রায়হান, দোখলা সিএমসি'র সভাপতি মোতালেব হোসেন, সহ-সভাপতি মিনারা বেগম, সদর ভিট কর্মকর্তা মোশাররফ হোসেন, মধুপুর রেঞ্জের ভিট কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
 
সোমবার থেকে মঙ্গলবার (১৬-১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত চলমান এই প্রশিক্ষণ কর্মসূচিতে স্থানীয় সুফলভোগী জনগোষ্ঠীরা অংশগ্রহণ করছে। বিশেষজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে বিউটি থেরাপি, মেকআপ টেকনিক, পার্লার ব্যবস্থাপনা ও গ্রাহকসেবা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

বন কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের বিকল্প আয়মুখী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নত হবে এবং ধীরে ধীরে বনের ওপর চাপ কমে আসবে। ফলে মধুপুরের ঐতিহ্যবাহী শালবন তার হারানো সৌন্দর্য ও প্রাণবৈচিত্র্য ফিরে পাবে।

শালবন রক্ষায় নারীদের এই অংশগ্রহণ শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/ মোঃ লিটন সরকার/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপি হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই
টাঙ্গাইল-৬ আসন এমপি হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই
কার্যালয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপস্থিতি, বিএনপির ক্ষোভ
কার্যালয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপস্থিতি, বিএনপির ক্ষোভ
পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন
পার্কিং করা বাসে দুর্বৃত্তদের আগুন