হাবিবকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন এই মন্ত্রিসভার চেহারা কেমন হতে যাচ্ছে এবং সেখানে কারা জায়গা পেতে যাচ্ছেন, সেটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে।
নতুন মন্ত্রিসভায় দলের তরুণ নেতারা কতটা স্থান পাচ্ছেন এবং সমমনা দলগুলোকে রাখা হচ্ছে কি-না, এসব প্রশ্ন ঘিরেও বিভিন্ন মহলে নানান আলোচনা ও জল্পনা-কল্পনা হতে দেখা যাচ্ছে।
তবে ঢাকা-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিবকে মন্ত্রিসভায় দেখতে চান স্থানীয় বাসিন্দারা । তাদের দাবি, তিনি মন্ত্রী হলে নির্বাচনী এলাকার উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আরও জনপ্রিয় হয়ে উঠবে।
ঢাকা-৯ আসনের বিভিন্ন এলাকায় সরেজমিনে কথা বলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এমন প্রত্যাশার কথা জানা গেছে। খিলগাঁও ও সবুজবাগ, মুগদা থানার বাসিন্দাদের অনেকে মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে হাবিবুর রশিদ হাবিব মন্ত্রিত্বের জন্য যোগ্য প্রার্থী হতে পারেন।
স্থানীয়দের মতে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে আরও শক্তিশালী ও জনমুখী করতে দক্ষ ও ত্যাগী নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা জরুরি। তাদের ভাষ্য, হাবিবুর রশিদ হাবিব দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এলাকায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করেছেন।
তাদের ধারণা, হাবিব মন্ত্রী হলে রাজধানীতে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নতুন গতি আসবে।
সবুজবাগ থানার ৭৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও চা বিক্রেতা রুবেল বলেন, হাবিবুর রশিদ হাবিবকে মন্ত্রী পদ দেওয়া হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
তিনি বলেন, হাবিব মন্ত্রী হলে এলাকার উন্নয়ন হবে, মানুষের জীবনমান উন্নত হবে। এতে দেশেরও উপকার হবে। এছাড়াও দলের জনপ্রিয়তা বাড়বে। বিশেষ করে রাজধানীতে।
আরিফুল ইসলাম নামের মুগদা থানার একজন বাসিন্দা বলেন, আমরা যতদূর দেখেছি হাবিবুর রশিদ হাবিব একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। উনার মত ব্যক্তি মন্ত্রিসভার যোগ্য। তিনি মন্ত্রী হলে আমার বিশ্বাস দলের জন্য এবং দেশের জন্য ভালো হবে।
স্থানীয়রা মনে করেন, হাবিবুর রশিদ হাবিবের জনসম্পৃক্ত রাজনীতি এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ তাকে অন্যদের তুলনায় বেশি গ্রহণযোগ্য করেছে। তাদের মতে, তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও নাগরিক সমস্যা নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, যা তাকে জনগণের আস্থাভাজন নেতায় পরিণত করেছে।
অন্যদিকে খিলগাঁও থানার ৭৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, হাবিবুর রশিদ হাবিব একজন পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিবিদ। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
ইকবাল হোসেনের ভাষ্য, “হাবিবকে মন্ত্রী করা হলে এলাকার উন্নয়ন হবে, জনগণের আস্থা বাড়বে এবং দেশের উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
এলাকাবাসীর ভাষ্য, স্থানীয় সমস্যা সমাধান, নাগরিক সুবিধা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে তার সক্রিয় ভূমিকা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ হতে পারে।
ভিওডি বাংলা/জা







