ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিয়ে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তা সকলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে বলে তিনি আশা করেন। তাঁর মতে, এই নির্বাচন দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায় সূচনা করবে।
জানা গেছে, তাঁর নিজ এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতায় রয়েছে শহরের তিনটি মহল্লা। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন। এর মধ্যে ফকিরপাড়ায় ১ হাজার ৬৮২ জন, কালীবাড়ি বাজার ও মন্দির সংলগ্ন এলাকায় ১ হাজার ৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন ভোটার রয়েছেন।
পুরুষ ও নারী ভোটারদের জন্য কেন্দ্রে মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ভিওডি বাংলা/জা







