গুম-খুম নির্যাতনের পরও বিএনপি দমে যায়নি- তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
গুম-খুম নির্যাতনের পরও বিএনপি দমে যায়নি মন্তব্য করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি মনে করি দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে। সেই ঝড় লন্ডভন্ড করে দিয়ে গেছে দেশ। লন্ডভন্ড করে দিয়েছে দেশের প্রত্যেকটি সেক্টর। সেই ঝড় এখন কেটে গেছে। সাধারণত বলতে গেলে প্রাকৃতিক ঝড় হলে ঝড় শেষে মানুষ যেমন ঘর-বাড়িসহ সবকিছু পুনগর্ঠন শুরু করে; তেমনিভাবে আমরাও দল পুনগর্ঠন কার্যক্রম শুরু করেছি।’
সোমবার ২০ জানুয়ারি বিকালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপি সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধনকালে এসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এবং নিজের সদস্য পদ নবায়ন করেন। অনুষ্ঠানে মঞ্চে থাকা দলের সিনিয়র নেতাদের একইসঙ্গে সদস্য নবায়ন করার কথা বলেন তিনি। পরবর্তীতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সদস্যপদ নবায়ন করেন।
সদস্যপদ নবায়নের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, আমি মনে করি আজ বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। কেন? কারণ, আমাদের যে সদস্যপদ, যে দলের সঙ্গে আমরা আছি, এই দলের লাখো নেতাকর্মী অনেক নির্যাতনের মধ্যদিয়ে গিয়েছে, তা-ও আজকে তারা এই দলের সঙ্গে আছেন। রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন করা হয়েছে। আমাদের দলের শত-শত নেতাকর্মী খুন-গুমের শিকার হয়েছেন, তবু বিএনপি টিকে আছে। দল থেকে অনেককে হারিয়েছি কেউ কেউ আবার ভিন্ন কারণে দল থেকে সরে গেছেন। পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার অনেক পেছনে ফেলে দিয়েছে।
দলের নেতাকর্মীদের সদস্য নবায়ন কার্যক্রম সফল করার নির্দেশনাও দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দল পুনগর্ঠন করতে না পারলে দেশ পুনগর্ঠন করতে পারব না। সে জন্য অবশ্যই দলকে পুনগর্ঠন করতে হবে; সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে। আর এ জন্য মেধাবী ও পরিশ্রমীদের সামনে আনতে হবে। আগামী দিনে আমাদের ভালো মানুষ দরকার। যাদের নিয়েই আগামী দিনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র মেরামত কার্যসম্পন্ন করবো।
আগামী দিনের বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।
এদিকে সদস্যপদ নবায়ন কার্যক্রমের সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে তিনি দলীয় নেতাকর্মীদের স্লোগান নির্ভর রাজনীতির ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। বলেন, শুধু স্লোগান নয়, মেধা ও দক্ষতা দিয়ে আগামীতে নিজেদের প্রমাণ করার জন্য নেতাকর্মীদের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ প্রয়োজন। বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা না হলে রাষ্ট্র মেরামত সম্ভব নয়।
দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, অনুপ্রবেশকারীদের কারণে সদস্য সংগ্রহ নয়, এই কার্যক্রম পুরনো সদস্যদের নবায়নের।
নবায়নের ক্ষেত্রে যাদের ত্যাগ অবদান বেশি রয়েছে তাদের কাছে দলকে প্রথমে যাওয়ার আহ্বান জানান স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান সদস্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ।
ভিওডি বাংলা/ এম







