পাঁচ শর্তে রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন ক্লপ!

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ডাগআউটে কি ফিরছেন ইয়ুর্গেন ক্লপ? ইউরোপীয় ফুটবলে এমন গুঞ্জন নতুন নয়। বর্তমানে রেড বুল গ্রুপে উচ্চপদে দায়িত্ব পালন করলেও জার্মান এই কোচকে ঘিরে জল্পনা ক্রমেই বাড়ছে। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, পাঁচটি শর্ত পূরণ হলেই সান্তিয়াগো বার্নাব্যুতে দায়িত্ব নিতে রাজি হতে পারেন সাবেক লিভারপুল কোচ।
সম্প্রতি জাবি আলোনসো দায়িত্ব ছাড়ার পর আলভারো আরবেলোয়াকে রিয়াল মাদ্রিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তার চুক্তির মেয়াদ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি। চুক্তি মৌসুম শেষে শেষ হচ্ছে না—অর্থাৎ পুরোপুরি অন্তর্বর্তীকালীনও নয়। তবু আলোনসোর বিদায়ের পর ভবিষ্যতের জন্য বিকল্প ভাবনার ইঙ্গিত মিলছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এই আলোচনায় লিভারপুলের ছায়াও স্পষ্ট। আলোনসো, আরবেলোয়া ও ক্লপ—তিনজনেরই অ্যানফিল্ডের সঙ্গে যোগসূত্র রয়েছে। এমনকি গুঞ্জন আছে, বর্তমান লিভারপুল কোচ আর্নে স্লট প্রত্যাশিত ফল না পেলে আলোনসো হতে পারেন সম্ভাব্য বিকল্প। ফলে দুই ক্লাবের সম্পর্কের সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে।
লিভারপুল ছাড়ার সময় ক্লপ ইঙ্গিত দিয়েছিলেন, হয়তো আর কোনো ক্লাবে কোচিং করবেন না। তবে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা প্রকাশ্যে বলেছিলেন, ক্লপ একদিন না একদিন কোচিংয়ে ফিরবেন। এখন প্রশ্ন—চাপ ও প্রত্যাশায় ভরা রিয়াল মাদ্রিদের দায়িত্ব কি তিনি নেবেন?
পাঁচ শর্তে রাজি?
স্প্যানিশ সংবাদমাধ্যম ডিফেন্সা সেন্ট্রাল-এর দাবি, পাঁচটি শর্ত পূরণ হলেই ক্লপ রিয়ালের দায়িত্ব নিতে পারেন।
প্রথম শর্ত: এনদ্রিককে দলে ফেরানো
বর্তমানে ফরাসি ক্লাব লিওঁতে ধারে খেলছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। ক্লপ নাকি তাকে মূল দলে ফিরিয়ে ভবিষ্যৎ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গড়ে তুলতে চান।
দ্বিতীয় ও তৃতীয় শর্ত: দুই সেন্টার-ব্যাক
রক্ষণভাগ মজবুত করতে অন্তত দু’জন নতুন সেন্টার-ব্যাক চান ক্লপ। সম্ভাব্য তালিকায় আছেন নিকো স্কোলটারবেক ও জ্যাকোবো রামন। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে রক্ষণ সাজাতে আগ্রহী তিনি।
চতুর্থ ও পঞ্চম শর্ত: মিডফিল্ডে দুই সংযোজন
মিডফিল্ডেও দুই নতুন খেলোয়াড় চান ক্লপ। যদিও দলে আছেন জুড বেলিংহাম, অরেলিয়েন চুয়োমেনি, ফেদেরিকো ভালভার্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তারকা; তবু নিজের কৌশলের সঙ্গে মানানসই আরও দুই সংযোজন চান তিনি। সম্ভাব্য টার্গেট হিসেবে অ্যাডাম হোয়ারটনের নামও শোনা যাচ্ছে।
সব মিলিয়ে, ক্লপকে ঘিরে গুঞ্জন এখনো আনুষ্ঠানিক ঘোষণার পর্যায়ে পৌঁছায়নি। তবে ইউরোপীয় ফুটবলের অন্দরে আলোচনা থামছেই না।
ভিওডি বাংলা/ আরিফ







