অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার ভালোবাসার বার্তা

দীর্ঘদিন ধরেই দাম্পত্যকলহ ও বিচ্ছেদের গুঞ্জনে আলোচনায় বলিউডের আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। নানা সময় তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের জল্পনা ছড়ালেও বাস্তবে সেই সব গুঞ্জনকে বারবারই ভুল প্রমাণ করে আসছেন এই দম্পতি। এবার অভিষেক বচ্চনের জন্মদিনে প্রকাশ্যে ভালোবাসার বার্তা দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন ঐশ্বরিয়া।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ৪৯ বছরে পা রাখেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর শৈশবের একটি নস্টালজিক ছবি শেয়ার করেন ঐশ্বরিয়া রায় বচ্চন। ছবিতে দেখা যায়, ছোট্ট অভিষেক একটি গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছেন। মুখে তার সহজ-সরল, শিশুসুলভ হাসি। ছবিটি দেখে অনেকেই অভিষেকের শৈশবের সেই নিষ্পাপ মুহূর্তে ফিরে গেছেন।

ছবির সঙ্গে একটি আবেগঘন শুভেচ্ছাবার্তাও জুড়ে দেন ঐশ্বরিয়া। পোস্টে তিনি লেখেন, “শুভ জন্মদিন। সুস্থ থাকো। ভালোবাসা আর আলোয় ভরে উঠুক তোমার জীবন। ঈশ্বর তোমার মঙ্গল করুন।” সংক্ষিপ্ত হলেও এই বার্তায় ছিল উষ্ণতা, আন্তরিকতা ও গভীর ভালোবাসার প্রকাশ, যা মুহূর্তেই ভক্তদের মন ছুঁয়ে যায়।
ঐশ্বরিয়ার এই পোস্টের পর সামাজিক মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসার জোয়ার বইতে থাকে। অনেকেই মন্তব্য করেন, এই একটি পোস্টই দাম্পত্য ভাঙনের সব গুঞ্জনের জবাব।
উল্লেখ্য, সম্প্রতি অভিষেক ও ঐশ্বরিয়ার একমাত্র কন্যা আরাধ্য কৈশোরে পা দিয়েছে। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় এই তারকা দম্পতিকে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ের একাধিক পারিবারিক ও সামাজিক আয়োজনে তাদের হাসিখুশি ও ঘনিষ্ঠ মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে।
গত বছর থেকেই এই দম্পতির সম্পর্ক নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে। কখনো পারিবারিক সম্পত্তি নিয়ে মতবিরোধের কথা, কখনো আবার অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্কের জল্পনা-সব মিলিয়ে চর্চা কম হয়নি। এমনকি ঐশ্বরিয়া মেয়েকে নিয়ে আলাদা থাকছেন বলেও বিভিন্ন সময়ে শোনা গেছে।
তবে অভিষেকের জন্মদিনে প্রকাশ্যে দেওয়া এই ভালোবাসাময় বার্তায় কার্যত সেই সব গুঞ্জনে ইতি টানলেন ঐশ্বরিয়া। স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করে আবারও বুঝিয়ে দিলেন-গুঞ্জনের চেয়ে বাস্তবটা অনেকটাই আলাদা।
ভিওডি বাংলা/জা







