• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা জামায়াত প্রার্থীর, অতঃপর যা ঘটলো...

নিজস্ব প্রতিবেদক    ৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে গানম্যানসহ যাতায়াত করতে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়িয়েছেন। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের প্রার্থী এস এম খালিদুজ্জামান ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশের সময় সেনাসদস্যদের বাধার মুখে পড়েন। ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যানসহ প্রবেশের নিয়ম নেই—এ কথা জানানো হলেও তিনি এ নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে উত্তেজিত হয়ে ওঠেন।

ঘটনার শুরুতে ক্যান্টনমেন্টের প্রবেশপথে দায়িত্বরত সেনাসদস্যরা প্রার্থীর পরিচয় জানতে চাইলে তার সঙ্গে থাকা একজন বলেন,
“ভাই উনি হলেন এই আসনের এমপি ক্যান্ডিডেট। ঠিক আছে?”

সেনাসদস্য তখন জানতে চান, “কোন দলের স্যার?”

জবাবে বলা হয়, “জামায়াতে ইসলামীর।”

এরপর সেনা কর্মকর্তা বলেন, “বুঝতে পেরেছি স্যার। আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার স্বার্থে গান নিয়ে...।”

এই সময় খালিদুজ্জামান বলেন, “আপনারা তো গান নিয়ে বসে আছেন। তারেক জিয়ার(বিএনপি চেয়ারম্যান তারেক রহমান) ক্ষেত্রে তো আপনারা জিহ্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন। আমরা কেন যেতে পারবো না...।”

একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি বলেন, “আপনার পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। পরিকল্পিতভাবে ধ্বংস করছেন। দিজ ইজ টোটালি, কিছু অফিসারের জন্য সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করছেন। প্রয়োজনে আমি সেনাপ্রধানের সঙ্গে কথা বলবো। এখানে যে দায়িত্বে আছেন আপনি তার সঙ্গে কথা বলতে পারেন। কেন আমার গাড়ি আটকে রাখবেন?”

তিনি আরও বলেন, “না না আপনারা তো আটকে রাখছেন। দিস ইজ নট ফেয়ার। টোটালি সেনাবাহিনী সম্পদ। এই সম্পদকে আপনারা বিতর্কিত করছেন ব্যক্তি স্বার্থে। ব্যক্তি স্বার্থে সরকারকেও আপনারা বিতর্কিত করছেন।”

এ সময় দায়িত্বে থাকা সেনাসদস্যকে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলতে দেখা যায়। ফোনালাপে সেনাসদস্যকে বলতে শোনা যায়,
“....একজন জামায়াত পদপ্রার্থী প্রবেশ করে বের হবেন। উনার সঙ্গে গানম্যান আছেন। আমি অ্যালাউ করলাম স্যার।”

এরপর খালিদুজ্জামান বলেন, “তারেক জিয়ার (বিএনপি চেয়ারম্যান) প্রতিদ্বন্দ্বী এস এম খালিদুজ্জামান বলেন। বলেন, তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। উনি আমার ক্যান্ডিডেট।”

তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাইলে সেনাসদস্য তার হাতে ফোন দেন। ফোনে তিনি বলেন, “আমি ঢাকা-১৭ আসনের প্রতিদ্বন্দ্বী। কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিহ্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। আমাকে কেন দেবেন না? হোয়াই নট… নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিয়েছে গানম্যান। আবার আপনি আমাকে যেতে দেবেন না কেন?”

কথোপকথনের একপর্যায়ে তিনি তার সঙ্গে থাকা ব্যক্তিদের উদ্দেশে বলেন, “তোমরা ভিডিও করো যে, আমাদের গাড়ি যেতে দিচ্ছে না।”

তখন একজন সেনাসদস্য বলেন, “সরি স্যার এখানে ভিডিও করা যাবে না।”

এরপরও উত্তপ্ত বাক্যবিনিময় চলতে থাকে। এক পর্যায়ে সেনাসদস্য বলেন, “আমি তো আপনাকে যেতে নিষেধ করি নাই। আপনাকে বলেছি আপনি জাস্ট যান স্যার। কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে, অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ।”

এর জবাবে খালিদুজ্জামান বলেন, “তাহলে আমাদের গানম্যান কেন দিচ্ছেন?”

সেনাসদস্য বলেন, “ক্যান্টনমেন্টের জন্য না স্যার। ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি।”

পরে সেনাসদস্যরা জানান, ক্যান্টনমেন্ট পার হওয়ার পর তার গানম্যান সঙ্গে থাকতে পারবেন। দীর্ঘ তর্কের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভিওডি বাংলা/এমএস


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৮ কোটি মানুষের বিজয় চাই: শফিকুর রহমান
১৮ কোটি মানুষের বিজয় চাই: শফিকুর রহমান
ঢাকা-৮ আসনকে মাদকমুক্ত করার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর
ঢাকা-৮ আসনকে মাদকমুক্ত করার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর
কয়দিন পর হয়তো বলবে গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক : রিজভী
কয়দিন পর হয়তো বলবে গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক : রিজভী