• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রিজওয়ানা হাসান

বিটিভিকে ১৮ কোটি মানুষের চ্যানেল করতে হবে

নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পি.এম.
বিটিভি পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: পিআইডি

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, জলবায়ু ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) ১৮ কোটি মানুষের চ্যানেল হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিটিভির প্রতি মানুষের প্রত্যাশা অনেক হলেও জনপ্রত্যাশা ও সময়ের চাহিদা অনুযায়ী সব কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়ন এখনো পুরোপুরি করা সম্ভব হয়নি।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার রামপুরায় বিটিভি পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এসময় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, বিটিভি শুধু একটি টিভি চ্যানেল নয়; এটি ইতিহাসের সাক্ষী ও ঐতিহ্যের ধারক। এটিকে নতুনভাবে গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি বিটিভিকে আরও জনবান্ধব ও সময়োপযোগী করতে বেশ কিছু দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিকে সব রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং কোনো ধরনের পক্ষপাতিত্ব করা যাবে না। প্রতিযোগিতামূলক মিডিয়া বাজারে টিকে থাকতে বিটিভির আধুনিকায়ন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, মানুষের পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনায় সৃজনশীলতা বাড়াতে হবে। পাশাপাশি চ্যানেলের গতিশীলতা বৃদ্ধিতে শূন্য পদ পূরণ, বাজেটের সর্বোত্তম ব্যবহার এবং বার্ষিক ক্রয় পরিকল্পনা সময়মতো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিটিভির সব স্তরের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যৎ সরকারের জন্য একটি স্মার্ট চার্টার অব ডিমান্ড প্রস্তুত করার পরামর্শ দেন।

মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, সময়ের চাহিদা অনুযায়ী বিটিভির একটি সোশ্যাল মিডিয়া উইং চালু করা প্রয়োজন। এ উইংয়ে চুক্তিভিত্তিতে তরুণদের যুক্ত করে সময়োপযোগী কনটেন্ট তৈরির সুযোগ রাখা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

পরে উপদেষ্টা বিটিভির নিউজরুম, স্টুডিও, কন্ট্রোল প্যানেল ও লাইব্রেরিসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী
জুলাইয়ে মিলতে পারে আইএমএফের ঋণের কিস্তি: অর্থমন্ত্রী