দাবি করলেন ট্রাম্প
ইরানের বদলে এখন ভেনেজুয়েলার তেল কিনবে ভারত

ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে ভারত এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ট্রাম্প জানান, ভারত ইতোমধ্যে ভেনেজুয়েলার তেল কেনার বিষয়ে চুক্তি সম্পন্ন করেছে। সাংবাদিকদের তিনি বলেন, আমরা ইতিমধ্যে এ চুক্তি করেছি।
ভেনেজুয়েলা থেকে তেল কেনার সিদ্ধান্তের জেরে ২০২৫ সালের মার্চে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই বক্তব্যের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ভারত। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এর আগে, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ অপহরণ করে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স এমন দাবি করেন ট্রাম্প। তিনি আরও বলেন, এর পর থেকেই ভেনেজুয়েলার তেল সম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে এসেছে।
বার্তাসংস্থা ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে ভেনেজুয়েলা থেকে ১৮টি ট্যাংকারে তেল তুলে যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুজিয়ানা ও মিসিসিপির তেল পরিশোধনাগারে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ পরিমাণ।
বর্তমানে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ লাখ ৭৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করা হচ্ছে, যা গত বছরের ডিসেম্বরের তুলনায় প্রায় দ্বিগুণ।
মাদুরো অপহৃত হওয়ার আগে ভেনেজুয়েলা থেকে প্রতিদিন চীনে প্রায় ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হতো। তবে চলতি বছরের জানুয়ারিতে সেই রপ্তানি একেবারে বন্ধ হয়ে যায়।
এদিকে, গত শুক্রবার ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাদুরো অপহরণের ঘটনার পর এটিই ভেনেজুয়েলার কোনো শীর্ষ নেতার সঙ্গে মোদির প্রথম ফোনালাপ। ওই আলোচনায় দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সূত্র: এনডিটিভি







