• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ আজ

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ এ.এম.
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে সারা দেশে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। এর মধ্য দিয়ে নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়েছে। এই পর্যায়ে সারা দেশে মোট ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে দেশের ২৯৮টি সংসদীয় আসনে মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় থাকছেন। তবে এবার কোনো আসনেই একক প্রার্থী নেই, যা নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ বাড়াবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এবার ঢাকা-১২ সংসদীয় আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন প্রার্থী রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে। অন্যদিকে, সর্বনিম্ন দুটি আসনে মাত্র দুজন করে প্রার্থী প্রতিযোগিতায় আছেন।

ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গত ২৯ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। এরপর ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলে। এ সময়ে বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতির কারণে ৭২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে প্রাথমিকভাবে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৮৫৮ জন।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে আপিল আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ৯ জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে মোট ৬৩৯ জন প্রার্থী আপিল আবেদন করেন। ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে একটানা ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। আপিল প্রক্রিয়ায় ৪৩১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।

তবে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের ক্ষেত্রে ভিন্ন পরিস্থিতি তৈরি হয়। এই দুই আসনে আগে বৈধ হওয়া মোট ১১ জন প্রার্থী (আগের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা পড়েছিল ১৩ জনের) বর্তমান তালিকা থেকে বাদ পড়বেন। একই ভোটের দিন রেখে এ দুটি আসনে নতুন করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী গত রোববার (১৮ জানুয়ারি) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে পাবনা-১ আসনে সাতটি এবং পাবনা-২ আসনে পাঁচটি মনোনয়নপত্র জমা পড়ে।

ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হবে।

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, এবারের জাতীয় সংসদ নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তারেক রহমান: মির্জা ফখরুল
অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তারেক রহমান: মির্জা ফখরুল
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী
সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী