• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই গণহত্যা

সালমান-আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠন

আদালত প্রতিবেদক    ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (১২ জানুয়ারি) আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। সেই সাথে আগামী ১০ ফেব্রুয়ারি এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

ট্রাইব্যুনালে সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত ৪ ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে সে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশন পক্ষ জানায়, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল হক ও সালমান এফ রহমান। সে ফোনালাপের এক পর্যায়ে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলেন তারা। তাদের এ বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তাদের এই বক্তব্য হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের।

গত বছরের ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। এরপর থেকে তারা কারাগারে আছেন।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেছাল হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন
পেছাল হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক