ইনভেস্টমেন্ট ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি সম্ভব নয় : আমীর খসরু

চট্টগ্রাম প্রতিনিধি
সুস্থ সবল ও মেধাবীরাই এ দেশকে এগিয়ে নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন, ইনভেস্টমেন্ট ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি সম্ভব নয়। তাই শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগ করা দরকার।
রোববার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘প্রতিষ্ঠানের পড়ালেখার বাইরে যেতে হবে। এখান থেকে পড়ালেখা শেষ করে বিশ্বের মধ্যে নিজের প্রজ্ঞাকে ছড়িয়ে দিতে হবে। নিজের মধ্যে দক্ষতা অর্জন ও জ্ঞানকে প্রসারিত করতে হবে। আর প্রসারিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম বিশ্ববিদ্যালয়।’
বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, ‘বিনিয়োগ ছাড়া একটি দেশ এগুতে পারে না। তবে সঠিক জায়গায় তা করা হয়নি। আমরা অর্থ ব্যয় করেছি পদ্মা সেতু ও টানেলে।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান। ‘সমারম্ভ বক্তা’ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভাসুর কোষাধ্যক্ষ ড. মো. কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. ফেরদৌসী আকতার এবং ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আহমাদ আল নাহিদ।
মামুন/ভিওডি বাংলা







