রাঙ্গাবালীতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে জেলেদের মানববন্ধন

কাওছার আহম্মেদ
সাগরে বিতর্কিত ট্রলিং বোট দিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করায় মাছের পোনা ধ্বংস হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পটুয়াখালীর রাঙ্গাবালীর সমুদ্রে মাছ শিকারী জেলেরা।
সমুদ্রে মাছের ঘাটতি দেখা দেওয়ায় মাছ না পেয়ে হতাশ জেলেরা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে এ মানববন্ধনের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের আগুনমুখা নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সমুদ্রগামী স্থানীয় শতাধিক জেলে অংশ নেন।
জেলেদের দাবি, সাগরে বিতর্কিত ট্রলিং বোট দিয়ে নিষিদ্ধ ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছ ধরায় মারা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছের ছোট পোনা।
তাদের অভিযোগ, ট্রলিং বোটের মাধ্যমে নির্বিচারে মাছ শিকার করায় মাছের উৎপাদন ও বংশবিস্তার ব্যাহত হচ্ছে। সমুদ্রে ঘাটতি দেখা দিচ্ছে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের। যার কারণে সাধারণ জেলেদের জালে তেমন মাছ ধরা পড়ছে না। একারণেই ট্রলিং জেলেদের প্রতি ক্ষুব্ধ সাধারণ জেলেরা।







