‘বিজয় দিবস ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই’

নিজস্ব প্রতিবেদক
আগামীকাল ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দিবসটি উদযাপনে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করা হবে। এদিন ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৫ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চুরির ছিনতাই কিছুটা বেড়েছে। শেষ রাত্রির দিকে এটি বেশি হচ্ছে। পুলিশকে বলা হয়েছে সে সময় যাতে তারা বেশি সজাগ থাকে।
ইজতেমার আয়োজন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, গেলবারের মতোই এ বছরও একই নিয়মে ইজতেমা হবে।
এ সময় স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য গ্রেফতার অভিযান বৃদ্ধি করা হবে। আওয়ামী লীগকে পুরোপুরি নির্মূল করা না পর্যন্ত গ্রেফতার অভিযান চলবে বলেও জানান তিনি।







