সংখ্যালঘুদের ওপর হামলায় ৮৮ মামলা গ্রেপ্তার ৭০ আসামি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, দেশের বিভিন্ন স্থানে মাইনোরিটি রিলেটেড (সংখ্যালঘু) সহিংসতায় ৭০ আসামি গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় ৮৮ মামলা হয়েছে। যারা ন্যাক্কারজনক এসব ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কোনো ছাড় নয়।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।
প্রেস সেক্রেটারি বলেন, এই কাজে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা হবে। চট্টগ্রাম, সুনামগঞ্জ ও নরসিংদীর ঘটনায় আপডেট দেব।
শফিকুল আলম বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আগামী বছরের (২০২৫ সাল) সেপ্টেম্বর-অক্টোবরের দিকে বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের ২৭০ কিলোমিটার সীমান্ত রাখাইনের সঙ্গে শেয়ার করছে বাংলাদেশ। সে ক্ষেত্রে বাংলাদেশ কোনো ধরনের কৌশলগত পদক্ষেপ নিচ্ছে কিনা বা দেশের প্রস্তুতি রয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘পুরো পরিস্থিতি আমরা খুবই গভীরভাবে মনিটর করছি। সার্বিক রোহিঙ্গা পরিস্থিতি বিবেচনা করে প্রধান উপদেষ্টা উচ্চ পদস্থ একজন প্রতিনিধি নিয়োগ দিয়েছেন। তিনি গভীরভাবে এটা মনিটর করবেন। যারা যারা অংশীজন আছেন তাঁদের সঙ্গে কথা বলবেন।’
শফিকুল আলম বলেন, ‘আগামী বছর আমাদের একটা বড় কাজ হবে রোহিঙ্গা সংকট নিয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার। এর ভেন্যু ও অন্যান্য বিষয়াবলি মার্চ-এপ্রিলের মধ্যে ঠিক করে ফেলব। আশা করছি, এই সম্মেলনটা হবে আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে।’
আশা করছি বিশ্বের যতগুলো দেশ রয়েছে সকলে এতে অংশ নেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ রোহিঙ্গা ইস্যুতে যারা খুবই আগ্রহী তাঁরা সকলে থাকবে।
জাতিসংঘের সঙ্গে বিষয়টি নিয়ে অনেকবার কথা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের সময়ে এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন।







