আলিফ হত্যায় জেলা আইনজীবী সমিতির ১১ দফা

চট্টগ্রাম প্রতিবেদক
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ১১টি দাবি উত্থাপন করেছে জেলা আইনজীবী সমিতি।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম আদালতের আইনজীবী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল কাদের, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান খান, সহ-সাধারণ সম্পাদক মো. কাশেম কামাল, অর্থ সম্পাদক কাজী মো. আশরাফুল হক আনসারী জুয়েল, পাঠাগার সম্পাদক আহমেদ কবির করিম, সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. নাজেবুল আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, সদস্য শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান, মো. শাকিল ও আবদুল্লাহ আল ফাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা আইনজীবী সমিতির পক্ষে ১১ দফা উত্থাপন করা হয়। দাবিগুলো হলো-
১. হত্যাকাণ্ডে জড়িত যে সকল ইসকনের সন্ত্রাসী এখনও গ্রেপ্তার হয়নি তাদেরকে গ্রেপ্তারপূর্বক দ্রুত বিচার নিষ্পত্তি করে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের জন্য প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাই।
২. মসজিদ, আইনজীবীদের চেম্বার, গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি প্রদানের দাবি।
৩. সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হত্যা মামলাসহ অন্যান্য মামলাসমূহে অন্যতম আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।
৪. হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলাসমূহের চার্জশীট প্রদানপূর্বক দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা করতে হবে।
৫. ঘটনার দিন আদালত এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তার বিষয়ে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের পক্ষে কোনো বিজ্ঞ আইনজীবীকে মামলা পরিচালনা না করার জন্য অনুরোধ।
৭. নির্মম ও পরিকল্পিত এ হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে প্রবাহিত না করে সকল প্রকার অপপ্রচার ও চক্রান্ত থেকে বিরত থাকার জন্য দেশি-বিদেশি সকল মহলের প্রতি উদার্ত আহ্বান।
৮. শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার জন্য রাষ্ট্রের প্রতি জোর দাবি।
৯. নিরাপরাধ কোনো ব্যক্তিকে হয়রানি না করার জন্য জোর দাবি।
১০. আদালত অঙ্গনের নিরাপত্তা বৃদ্ধির জন্য প্রশাসনের নিকট দাবি।
১১. আদালত অঙ্গনের সুদীর্ঘকালের সৌহার্দপূর্ণ সম্প্রীতি বজায় রাখা এবং সহঅবস্থান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডোভোকেট মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।
মামুন/ভিওডি বাংলা







