ফাইনালে ভারতকে হারিয়ে দিতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
সিনিয়ররা কখনও এশিয়া কাপ জিততে পারেননি, ইতোমধ্যে জুনিয়র টাইগাররা তা পেরেছেন। সর্বশেষ আসরে প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা উৎসবে মাতেন তারা। টানা দ্বিতীয় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ।
আগামীকাল রোববার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় দুবাইয়ে যুব এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের যুবারা। ফাইনালে ভারতকে হারিয়ে দিতে চান ইয়াং টাইগাররা।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুটি সেমি-ফাইনাল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ও পাকিস্তান। শ্রীলঙ্কা ও ভারত। পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দ্বিতীয় শিরোপা থেকে আর মাত্র একটি ম্যাচের দূরত্বে যুব টাইগাররা। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয়বার লাল-সবুজের প্রতিনিধিরা যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতীয় যুবারা, তারাও বাংলাদেশের সমান ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
যুব এশিয়া কাপের সর্বশেষ আসরে ভারতকে হারিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। দুবাইয়ে আইসিসি একাডেমি গ্রাউন্ডে বাংলাদেশের যুবাদের কাছে সেবার ভারত হেরেছিল ৪ উইকেটে। এবার আর সেমিতে নয়। দুই দল আগামীকাল মুখোমুখি হবে ফাইনালে।
ভারতের বিপক্ষে ফাইনালের সুখস্মৃতিও আছে বাংলাদেশের যুবাদের। দক্ষিণ আফ্রিকায় ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবার যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল আকবর আলীর বাংলাদেশ। প্রতি মুহূর্তে উত্তেজনা ছুঁয়ে গিয়েছিল রুদ্ধশ্বাস সেই ম্যাচে। ম্যাচশেষে তা গড়িয়েছিল হাতাহাতিতেও। ওই বাংলাদেশ দলের শরিফুল ইসলাম-মাহমুদুল হাসান জয়রা এখন খেলছেন জাতীয় দলে। ভারতীয় দলের যশস্বী জয়সওয়াল-তিলক ভার্মারাও এখন জাতীয় দলের হয়ে আলো ছড়াচ্ছেন। বিশ্বকাপের চেয়ে মঞ্চ ছোট হলেও শরিফুল-জয়সওয়ালদের উত্তরসূরিরা এবার মুখোমুখি হচ্ছেন আরেকটি ফাইনালে। ভারতের জন্য এবারের লড়াইটাকে প্রতিশোধের মঞ্চ বলা যায়। অন্যদিকে বাংলাদেশের জন্য তা শিরোপা ধরে রাখার লড়াই। তাতে স্নায়ুর বড় পরীক্ষাই দিতে হবে দুই দলের ক্রিকেটারদের। সর্বশেষ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন মারুফ মৃধা। ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। দলের ভরসা হয়ে এই বাঁহাতি পেসার এবারও আছেন। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে তার শিকার দুই উইকেট। গতবারের মতো এবারও তার সঙ্গী ইকবাল হোসেন ইমন। এই ডানহাতি পেসার ভারতের বিপক্ষে সেই ম্যাচ ছিলেন উইকেটশূন্য। তবে গতকাল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছেন ইকবাল। ৭ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। ম্যাচ সেরার পুরস্কারের জন্য তাই খুব একটা কষ্ট করতে হয়নি বিচারকদের।
মামুন/ভিওডি বাংলা







