নতুন ১৩ উপজেলায় হচ্ছে ১০১ শয্যার হাসপাতাল

গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে বুধবার (৮ জুলাই) জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পত্রে বলা হয়েছে, গ্রামীণ জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা এবং নতুন ১৩টি উপজেলায় একই সক্ষমতার স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি পাওয়া গেছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রণয়ন এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা বৃদ্ধি এবং নতুন ১৩টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০টি শয্যা রয়েছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা, রোগী ভর্তি সুবিধা এবং স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টদের আশা।
ভিওডি বাংলা/আ








মন্তব্য