উত্তরায় ইয়াবা-ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. জোবায়েদ হোসেন সিদ্দিক (৩৭)। পুলিশ জানিয়েছে, তার হেফাজত থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়ক এলাকায় অভিযান চালায়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা গেছে,, ওই এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। পরে সোনালী ব্যাংকের সামনে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় তার কাছে থাকা ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জোবায়েদ দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য