আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে যাকে এগিয়ে রাখছে এআই

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। বহুল প্রতীক্ষিত এই লড়াইয়ের আগে দুই দলের জয়ের সম্ভাবনা নিয়ে পূর্বাভাস দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। এই ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে শেষ ষোলোর টিকিট।
বিভিন্ন এআই মডেল ও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে ম্যাচটিতে পরিষ্কারভাবে এগিয়ে রাখা হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। সাম্প্রতিক পারফরম্যান্স, খেলোয়াড়দের অভিজ্ঞতা, দলীয় ভারসাম্য এবং পরিসংখ্যান বিবেচনায় আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ধরা হচ্ছে প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ।
অন্যদিকে, কেপ ভার্দের জয়ের সম্ভাবনা ১০ শতাংশেরও কম বলে উল্লেখ করা হয়েছে বিশ্লেষণে। সম্ভাব্য স্কোরলাইন হিসেবেও আর্জেন্টিনার পক্ষে পূর্বাভাস দিয়েছে এআই। সবচেয়ে সম্ভাব্য ফল হিসেবে ধরা হয়েছে ২-০ ব্যবধানে জয়। এছাড়া ৩-০ কিংবা ২-১ ব্যবধানেও জিততে পারে লিওনেল মেসির দল।
গোলদাতাদের তালিকায় স্বাভাবিকভাবেই সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে লিওনেল মেসিকে। পাশাপাশি আর্জেন্টিনার আক্রমণভাগের আরও কয়েকজন ফুটবলারের গোল পাওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছে এআই।
তবে বিশ্লেষণে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও কেপ ভার্দেকে খাটো করে দেখার সুযোগ নেই। বিশ্বকাপে অভিষেকেই দলটি নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতোমধ্যে চমক দেখিয়েছে। সংগঠিত রক্ষণভাগ এবং দ্রুত পাল্টা আক্রমণের কারণে তারা শক্তিশালী যেকোনো দলের জন্যই কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে।
এআই আরও বলছে, পরিসংখ্যান কখনোই নিশ্চিত ফল নির্ধারণ করে না। ফুটবল ইতিহাসে বহুবার অপেক্ষাকৃত দুর্বল দল শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে। তাই শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই ঠিক করবে কে যাবে পরের রাউন্ডে। ফেবারিট আর্জেন্টিনা নিজেদের আধিপত্য ধরে রাখবে, নাকি নতুন কোনো রূপকথা লিখবে কেপ ভার্দে, সেই উত্তর মিলবে ম্যাচের লড়াইয়ে।
এর আগে ঘানার তান্ত্রিক ও অপটা সুপার কম্পিউটারও আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ নিয়ে নিজেদের পূর্বাভাস প্রকাশ করেছিল।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য