• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০১:৪৬ পি.এম.
সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক শিক্ষার্থীদের ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন করেছেন।

বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের স্টল পরিদর্শনের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন শিক্ষা মন্ত্রী আনহ এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

দেশের ৬০টি জেলার শিক্ষার্থীরা ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচিতে অংশ নেয়। বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা নিজ নিজ এলাকার স্বাতন্ত্র্য, ঐতিহ্য, নিজেদের আঁকা চিত্রকর্ম, বিভিন্ন হস্তশিল্প এবং কাগজ দিয়ে তৈরি এলাকার ঐতিহ্যবাহী নিদর্শন প্রদর্শন করে।  

প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

একটি স্টলে প্রবেশ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা?”

স্টলে প্রদর্শিত বিভিন্ন হস্তশিল্প দেখে তিনি জানতে চান, “এসব কি তোমরা বানিয়েছো?” জবাবে শিক্ষার্থীরা সমস্বরে বলে, “জি, মাননীয় প্রধানমন্ত্রী।”

এরপর প্রধানমন্ত্রী শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

স্টলগুলোতে শিক্ষকরা বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষার্থীদের জন্য কী কী খেলার ব্যবস্থা রয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান।

প্রধানমন্ত্রী জানতে চান, শিক্ষার্থীরা কী কী খেলা খেলে। জবাবে শিক্ষকরা ‘আনন্দ শিক্ষা’ ও ‘ডিজিটাল শিক্ষা’ সম্পর্কে তাঁকে অবহিত করেন।

‘টিফিনের টাকা জমিয়ে অস্বচ্ছল বন্ধুদের সাহায্য করি’

একটি স্টলের এক শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে বলে, “আমরা প্রতিদিন টিফিনের টাকা জমিয়ে যারা অস্বচ্ছল বন্ধু, তাদের সাহায্য করি। তাদের সঙ্গে নিয়ে আমরা টিফিন করি।”

এ সময় প্রধানমন্ত্রী বলেন, “তোমরা ভালো কাজ করছো।”

ওই স্টলের শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের পাঠ্যক্রম, ক্লাস শুরুর সময়, টিফিনের সময় এবং তারা কী কী খেলা খেলে, সে বিষয়েও প্রধানমন্ত্রীকে জানায়।

একটি খেলা সম্পর্কে শিক্ষার্থী ও শিক্ষকের কাছ থেকে শুনে প্রধানমন্ত্রী বলেন, “গেইমটা তো চমৎকার।”

‘যেখানে ময়লা দেখবে, নির্দিষ্ট জায়গায় ফেলবে’

আরেকটি স্টলে ছোট ছোট শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা বিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখবে। যেখানে ময়লা দেখবে তুলে নির্দিষ্ট জায়গায় ফেলে দেবে। ঠিক আছে।”

‘প্রত্যেকে একটি করে গাছ লাগাবে’

হবিগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের স্টলে গিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের কুশল বিনিময় করেন। তিনি বলেন, “তোমরা সবাই ভালো আছো তো?”

জবাবে শিক্ষার্থীরা বলেন, “আপনি কেমন আছেন?”

প্রধানমন্ত্রী বলেন, “আমি ভালো আছি।”

স্টলের বিভিন্ন সামগ্রী দেখে তিনি বলেন, “এসব তোমরা বানিয়েছো? ভেরি গুড।”

পরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সবাই একটি করে গাছ লাগাবে। গাছের পরিচর্যা করবে। ঠিক আছে।”

জবাবে শিক্ষার্থীরা সমস্বরে বলে, “জি স্যার।”

‘পকেট পাঠাগার’ দেখে প্রশংসা

একটি স্টলে প্রধানমন্ত্রী শিশুদের জন্য সাজানো একটি লাইব্রেরি দেখেন।

একজন শিক্ষার্থী তাঁকে ‘পকেট লাইব্রেরি’র বিষয়ে ব্যাখ্যা করে বলে, “এই লাইব্রেরিতে লেভেল করে শিশুদের বই সাজানো আছে। যে শিশুটি যে বই পড়তে চায়, সে সেই লেভেলে গিয়ে বইটি নেবে।”

এ সময় প্রধানমন্ত্রী বলেন, “তোমরা সুন্দর জিনিস সেট করেছো। এজন্য তোমাদের ধন্যবাদ।”

শিশুদের আবদার পূরণ

স্টল পরিদর্শনের সময় বিভিন্ন স্টলে শিশুদের আবদারও পূরণ করেন প্রধানমন্ত্রী।

একটি স্টলের শিক্ষার্থীরা তাঁকে অনুরোধ করে, তিনি যেন একটি টবে গাছের চারা রোপণ করেন, যাতে সেটি বিদ্যালয়ের আঙিনায় স্মৃতি হিসেবে লাগানো যায়।

প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে সম্মতি দেন। পরে শিক্ষার্থীরা টব ও গাছের চারা নিয়ে এলে তিনি নিজের হাতে টবের মাটিতে চারাটি রোপণ করেন।

আরেকটি স্টলে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার আবদার জানায়।

তারা বলে, “আমরা আপনার সঙ্গে স্যার একটি ছবি তুলতে চাই।”

জবাবে প্রধানমন্ত্রী বলেন, “কোনো অসুবিধা নেই।”

এরপর তিনি নিজেই স্টলের ভেতরে গিয়ে শিশুদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির অনুষ্ঠানস্থলে স্টল পরিদর্শনে আসেন। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান শিক্ষা মন্ত্রী আনহ এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

পরে প্রধানমন্ত্রী স্টল পরিদর্শন শুরু করেন। প্রতিটি স্টল ঘুরে দেখার পর সাড়ে ১১টার দিকে তিনি শেষ স্টল পরিদর্শন করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে দেশে রাষ্ট্রীয় শোক, পতাকা অর্ধনমিত
সকালে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
দেশকে আরও সবুজ করতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
ছবি: সংগৃহীত
আইন ও বিচার বিভাগে ১২ জেলা রেজিস্ট্রারের পদোন্নতি