• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অফিসে ঢুকে শিক্ষা কর্মকর্তাকে কুপিয়ে জখম, প্রধান শিক্ষক আটক

শরীয়তপুর প্রতিনিধি    ১২ জুলাই ২০২৬, ০৬:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

শরীয়তপুরের গোসাইরহাটে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার ওপর কুড়াল দিয়ে হামলার অভিযোগে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়েছে। হামলায় আহত ওই শিক্ষা কর্মকর্তাকে সহকর্মীরা তাৎক্ষণিক উদ্ধার করেন।

রোববার (১২ জুলাই) দুপুরে গোসাইরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আলাউলপুর ইউনিয়নের চর জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বি এম জসিম রেইনকোট, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রবেশ করেন। পরে সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি কুড়াল বের করে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদের ওপর অতর্কিত হামলা চালান।

হামলায় শাকিল আহমেদ আহত হলে কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত এগিয়ে এসে হামলাকারীকে আটক করেন এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করেন। পরে গোসাইরহাট থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে অভিযুক্ত শিক্ষককে অসংলগ্ন কথা বলতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, ‘আমি সকালে টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি। এরপর কী হয়েছে, আমি জানি না।’

আহত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, "ওই শিক্ষকের বিভিন্ন অনিয়ম নিয়ে আমি একাধিকবার সতর্ক করেছিলাম। তাকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা করেছি। এর জের ধরে তিনি পরিকল্পিতভাবে মুখ ঢেকে আমার কার্যালয়ে এসে কুড়াল দিয়ে হামলা চালিয়েছেন। সহকর্মীরা দ্রুত এগিয়ে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।"

তিনি আরও জানান, বর্তমানে তিনি থানায় অবস্থান করছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, "অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উদ্ধারের আগে সুপ্তধারা ঝর্ণা এলাকায় আটকে পড়া চার শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
সুপ্তধারা ঝর্ণায় আটকে ছিল ৪ ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার
ছবি: সংগৃহীত
ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-ছাত্র গ্রেপ্তার
গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয় জাহিন শেখকে। ছবি: সংগৃহীত
সাবেক যুবদল নেতাকে কুপিয়ে কব্জি বিচ্ছিন্ন, অবস্থা আশঙ্কাজনক