• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর নিহত, আহত ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি    ৪ জুলাই ২০২৬, ০৫:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে নাঈম মোল্লা (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর মো. রবিন (১৬) ও তাজ (১৫) আহত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় অভিনেতা ডিপজলের ভাড়াটিয়া বাড়ির গলিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে পরিস্থিতি শান্ত করতে গিয়ে তৃতীয় পক্ষ হিসেবে নাঈম মোল্লা এগিয়ে যান। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা এগিয়ে এলে সংঘর্ষে জড়িত উভয় পক্ষের কিশোররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় নাঈম ও রবিনকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নাঈমের মৃত্যু হয়। পরবর্তীতে রবিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাজকে প্রথমে গুরুতর আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

নিহত নাঈম মোল্লা মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা পানির ট্যাংকি এলাকায় বসবাস করতেন এবং একটি প্যান্ট তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

আহত রবিন কুমিল্লার মেঘনা থানার মোহাম্মদপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় বসবাস করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাজ ও রবিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর সূত্রপাত হয় গত রমজান মাসে তারাবির নামাজকে কেন্দ্র করে। পরবর্তীতে কয়েকদিন আগে বুড়িগঙ্গা নদীতে নৌকায় চলাচলের সময় সিনিয়র-জুনিয়র ইস্যুতে তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়। সেই বিরোধের জের ধরেই শুক্রবার রাতে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি।

স্থানীয়রা আরও জানান, নাঈম ওই বিরোধের কোনো পক্ষ ছিলেন না। তিনি ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করতেই হামলার শিকার হন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এখনো কোনো মামলা হয়নি। তবে উভয় পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি
মোটরসাইকেলের গতি কমাতে বলায় দুই পুলিশকে মারধর
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ
ছবি: সংগৃহীত
পাথরবোঝাই ট্রাক ছিনতাই, জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক সংঘর্ষ