• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিবিরকে বিদায় জানিয়ে জামায়াতে নতুন যাত্রা সাদিক কায়েমের

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০৬:৪১ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও ছাত্রনেতা সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন। সংগঠনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তিনি সরে দাঁড়িয়েছেন এবং শিগগিরই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন বলে জানা গেছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী সাদিক কায়েমকে ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়তে হয়েছে। খুব শিগগিরই তিনি জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেবেন।

এর আগে একই দিন নিজের ফেসবুক পোস্টে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে বছরে দুই দফা সাংগঠনিক পুনর্গঠন হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সাংগঠনিক বিন্যাসে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে এবং সেই অনুযায়ী তিনি সংগঠন থেকে বিদায় নিয়েছেন।

সাদিক কায়েম ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত হন। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর তিনি প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রকাশ্যে আসেন। পরে ২০২৬ সালের জানুয়ারি থেকে সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ১ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। এরপর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে ছাত্রশিবির জানায়, সংগঠনের দায়িত্বে থাকা কোনো ব্যক্তি রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন না। এ বিষয়ে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এক বিবৃতিতে একই অবস্থান তুলে ধরেন।

সাদিক কায়েমের ভাষ্য, ছাত্রশিবিরের দায়িত্ব শেষ হওয়ার পর যে কেউ নিজের পছন্দের রাজনৈতিক দলে যোগ দিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। সেই ধারাবাহিকতায় তিনিও জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ‘সালমান’ ছদ্মনামে পরিচিত ছিলেন সাদিক কায়েম। সে সময় আন্দোলনের সংগঠকদের আশ্রয় দেওয়া, বিচ্ছিন্ন নেতাদের মধ্যে সমন্বয়, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন এবং গণমাধ্যমে আন্দোলনের বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

২০২৫ সালের ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন সাদিক কায়েম।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত। বর্তমানে তিনি স্টুডেন্টস অ্যাগেইনস্ট ভায়োলেন্স এরিয়াওয়্যারের (সেইভ) পরামর্শক, বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে ‘হিল সোসাইটি’ প্রতিষ্ঠা করেছেন তিনি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবু হানিফ
খুনি হাসিনা ফিরবে না, তাকে ফিরিয়ে আনা হবে: আবু হানিফ
আওয়ামী লীগকে যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে: ফাহিম ফারুকী
আওয়ামী লীগকে যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে: ফাহিম ফারুকী
ফাইল ছবি
স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার