জুডিশিয়াল সার্ভিসের ৪ বিচারকের পদোন্নতি, বদলি ৩৪ জন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। একই সঙ্গে জুডিশিয়াল সার্ভিসের আরও ৩৪ বিচারককে বিভিন্ন কর্মস্থলে বদলি করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চার সদস্যকে সিনিয়র সিভিল জজ পদ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে জ্যেষ্ঠতাসহ পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের নামের পাশে উল্লেখিত নতুন পদ ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
অন্য একটি প্রজ্ঞাপনে জুডিশিয়াল সার্ভিসের ৩৪ সদস্যকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বিচারকদের নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে কর্মরত বিচারকদের ৭ জুলাইয়ের মধ্যে নিজ নিজ দপ্তরপ্রধানের মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। এরপর তারা বদলিকৃত কর্মস্থলে যোগ দেবেন।
তবে যেসব বিচারক বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষে দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।
ভিওডি বাংলা/আ








মন্তব্য