কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশে যোগ দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সমাবেশকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। পোস্টার, ব্যানার, মাইকিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কৃষক, কৃষিশ্রমিক ও সাধারণ মানুষকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
জাতীয় কৃষক শক্তির নেতারা জানান, সার, বীজ, কীটনাশক ও সেচের খরচ বেড়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সরকারকে কার্যকর কৃষিবান্ধব নীতিমালা গ্রহণের দাবি জানানো হবে।
সমাবেশে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সার ও বীজের দাম কমানো, সেচে ভর্তুকি বৃদ্ধি, কৃষিঋণ সহজলভ্য করা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের মতো দাবি উত্থাপন করা হতে পারে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। মাঠের শৃঙ্খলা রক্ষা, অতিথি অভ্যর্থনা, বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এবং যানবাহন পার্কিংয়ের জন্য পৃথক উপকমিটি কাজ করছে।
এ ছাড়া সমাবেশ উপলক্ষে এনসিপির বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। ‘কৃষকের শক্তি, জাতীয় মুক্তি’ স্লোগানকে সামনে রেখে গ্রাফিক্স, ভিডিও বার্তা ও আমন্ত্রণপত্র প্রকাশ করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মো. মুকুল মিয়া কুড়িগ্রামসহ আশপাশের এলাকার কৃষক ও সাধারণ মানুষকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত থেকে কৃষক সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন।
ভিওডি বাংলা/আ








মন্তব্য