রাষ্ট্রের সর্বোচ্চ পদে ব্যক্তিত্ববান কেউ আসুক: ইসলামী আন্দোলন
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, অবশেষে সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। দেশের সর্বোচ্চ পদে একজন ব্যক্তিত্ববান ব্যক্তি আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর শুক্রবার দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব।
বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পরই সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ প্রত্যাশিত ছিল। তবে রাজনীতির নানা অন্তঃস্রোতের কারণে এতদিন তিনি বঙ্গভবনে অস্বস্তির কারণ হয়ে টিকে ছিলেন। তার পদত্যাগকে স্বাগত জানাই।
তিনি বলেন, রাষ্ট্রপতি দেশের মর্যাদার পদক্রমের শীর্ষে থাকা একটি পদ। রাষ্ট্রের বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কিন্তু সাংবিধানিক কারণে আক্ষরিক অর্থেই রাষ্ট্রপতি নখদন্তহীন, যা ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছে।
ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমতায়নের বিষয়ে জোরালো আলোচনা হয়েছে, যার কিছুটা প্রতিফলন জুলাই জাতীয় সনদেও হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে।
বিবৃতিটি গণমাধ্যমে পাঠান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য