মানিকগঞ্জে ৭ কেজি গাঁজা গাছসহ আইনজীবী আটক

মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকায় অভিযান চালিয়ে বাড়ির পেছন থেকে প্রায় ৭ কেজি ওজনের একটি বিশালাকৃতির গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক ও পেশায় আইনজীবী তৌহিদুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে এক নারীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানা পুলিশ পোড়রা এলাকার ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযোগকারী দাবি করেন, তার স্ত্রী ওই বাড়িতে অবস্থান করছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনজীবী তৌহিদুর রহমান বাবু ও ওই নারীকে হেফাজতে নেয়।
অভিযোগ রয়েছে, ওই নারীর স্বামী তার স্ত্রীকে নিয়ে যেতে গেলে তৌহিদুর রহমান বাবু তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করেন। আহত ব্যক্তির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, আটক আইনজীবীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বাড়ির পেছনের জমিতে গাঁজা গাছ রোপণের কথা জানান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি ওজনের একটি বড় গাঁজা গাছ উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "বাড়ির পেছন থেকে একটি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এক নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
ভিওডি বাংলা/জা








মন্তব্য