• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, ভবিষ্যতের দায়িত্ব: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ৪ জুলাই ২০২৬, ০২:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জুলাই শুধু অতীতের স্মৃতি নয়, জুলাই ভবিষ্যতের দায়িত্বও বটে। যেখানে অন্যায় হবে, আমাদের বিবেক জেগে উঠবে। যেখানে অবিচার হবে, আমাদের কণ্ঠ উচ্চারিত হবে। যেখানে মানুষের অধিকার হরণ হবে, আমরা নীরব দর্শক হয়ে বসে থাকব না।’

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ এসব কথা বলেন তিনি।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইশরাক হোসেন বলেন, ‘আজ থেকে দুই বছর আগে এই বাংলার মাটি এক অভূতপূর্ব সময়ের সাক্ষী হয়েছিল। সেদিন কোমল হাতে প্ল্যাকার্ড ছিল, কিন্তু সেই হাতের সাহস ছিল পাহাড়ের চেয়েও দৃঢ়। সেদিন বুক ছিল নিরস্ত্র, কিন্তু সেই বুকের ভেতরে ছিল স্বাধীন মানুষের অদম্য শক্তি। সেদিন রাস্তায় শুধু মানুষ ছিল না, রাস্তায় নেমে এসেছিল একটি জাতির বিবেক।’

তিনি বলেন, ‘যে তরুণকে বলা হতো দেশ নিয়ে ভাবে না, যে তরুণীকে বলা হতো নিজের ভবিষ্যৎ নিয়েই ব্যস্ত, সেই তরুণ-তরুণীরাই প্রমাণ করে দিয়েছিল তারুণ্য কখনো মরে যায় না। দেশ ডাকলে, মানুষ ডাকলে, ন্যায় ডাকলে, বাংলাদেশের তারুণ্য সাড়া দিতেই জানে।’

জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আজ এই অনুষ্ঠানে এমন অনেক মানুষ আছেন, যাদের শরীরে এখনও সেই সংগ্রামের ক্ষতচিহ্ন বহমান। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখের আলো নিভে গেছে। কিন্তু আমি জানি, তাদের হৃদয়ের আলো নিভে যায়নি। আর আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেইসব শহীদদের, যারা আর ফিরে আসেননি। হয়তো কোনো এক বিকেলে তারা আপনার পাশেই দাঁড়িয়ে ছিলেন, হয়তো কোনো এক মিছিলে তারা আপনার পাশেই হেঁটেছিলেন।’

তিনি বলেন, ‘আজ তারা আমাদের মাঝে নেই, কিন্তু তারা কি সত্যিই নেই? না, তারা আছেন, এই বাংলাদেশের প্রতিটি পতাকায়, প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে, প্রতিটি শিশুর হাসিতে, প্রতিটি মানুষের মুক্ত কণ্ঠে। যে মানুষ নিজের জীবনের চেয়ে দেশের মর্যাদাকে বড় করে দেখে, সে কখনো মৃত্যুবরণ করে না। সে ইতিহাস হয়ে যায়, সে প্রেরণা হয়ে যায়, সে জাতির আলোকবর্তিকা হয়ে যায়।’

আন্দোলনের চরিত্র তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ‘এই আন্দোলন কোনো একক ব্যক্তির আন্দোলন ছিল না, এটি ছিল গণমানুষের আন্দোলন। এটি ছিল বিবেকের আন্দোলন, এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর আন্দোলন। এখানে ছাত্ররা ছিল, এখানে শিক্ষকরা ছিলেন, শ্রমিকরা ছিলেন, রিকশাচালকরা ছিলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিলেন, স্কুল পড়ুয়া শিশুরা ছিল, মা ছিলেন, বাবা ছিলেন, আর ছিলেন কোটি কোটি সাধারণ মানুষ। যারা বিশ্বাস করেছিলেন একদিন বাংলাদেশ আরো ভালো হবে।’

তিনি বলেন, ‘আপনাদের তো সুন্দর ভবিষ্যৎ ছিল। আপনারা চিকিৎসক হতে পারতেন, প্রকৌশলী হতে পারতেন, বিজ্ঞানী হতে পারতেন, উদ্যোক্তা হতে পারতেন, বিশ্ব জয় করার স্বপ্ন দেখতে পারতেন। তবুও, যখন দেশের সামনে ন্যায় আর অন্যায়ের প্রশ্ন এসে দাঁড়াল, আপনারা নিজেদের ভবিষ্যৎ আগে দেশের ভবিষ্যৎকে বেছে নিয়েছিলেন। এই আত্মত্যাগ ইতিহাস লেখে। এই সাহসী একটি জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়।’

উপস্থিত জুলাই যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমি এই মঞ্চ থেকে আপনাদের প্রত্যেককে স্যালুট জানাই। শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই।’

তিনি আরও বলেন, ‘জুলাই আমাদের শিখিয়েছে, ভয় নয়, সাহসই ইতিহাস বদলায়। নীরবতা নয়, প্রতিরোধকারীরাই শেষ পর্যন্ত বিজয়ী হয়। আর বিভক্তি নয়, ঐক্যই একটি জাতির সবচেয়ে বড় শক্তি।’

দেশ গঠনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে মানুষের মর্যাদা থাকবে, গণতন্ত্র শক্তিশালী হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, ভিন্নমত প্রকাশ কোনো অপরাধ হবে না, আইনের শাসন হবে সবার জন্য সমান। পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে সদর্পে বসবাস করব। এই হোক আমাদের অঙ্গীকার, এই হোক জুলাইয়ের প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা।’

বক্তব্যের শেষদিকে তিনি মহান আল্লাহর কাছে সত্য, ন্যায় ও ইনসাফের পথে অটল থাকার তৌফিক কামনা করেন। তিনি বলেন, ‘৭১ থেকে ২৪ আমরা বারবার প্রমাণ করেছি আমরা বীরের জাতি, আমরা জালেমের বিরুদ্ধে এক হই এক লড়াকু সেনাদল হিসেবে।’

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এখন শুধু মৌসুমি ফল নয়, বহুমুখী খাদ্যপণ্য হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। ছবি: সংগৃহীত
আজ কাঁঠাল দিবস
ছবি: সংগৃহীত
নতুন নামে পুলিশের ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজম’ ইউনিট
ছবি: ভিওডি বাংলা
অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাতিল: ডিএসসিসি প্রশাসক