• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

জামায়াত গণতান্ত্রিক দল কি না নিজেরাই বিবেচনা করুক: মির্জা ফখরুল

  রংপুর প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ১২:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমিরের ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বিএনপি’ মন্তব্যের জবাবে দলটির গণতান্ত্রিক চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াত গণতান্ত্রিক দল কি না, সেটি তাদেরই বিবেচনা করা উচিত।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। তিনি জামায়াতের আমিরকে দলের গঠনতন্ত্র ভালোভাবে পড়ার পরামর্শ দিয়ে বলেন, তারা গণতান্ত্রিক দল কি না, সেটি তাদেরই বিবেচনা করা উচিত।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করেছে এবং পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। বিএনপিকে ‘ফ্যাসিস্ট’ বলার পেছনে হয় জ্ঞানের অভাব রয়েছে, নয়তো এমন মানসিকতা তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, সরকার চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। তা সম্ভব না হলে আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারের দায়িত্ব গ্রহণের চার মাস ৩০ দিনের মধ্যে কৃষি খাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এর আগে দুই দিনের সফরে সকালে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে তিনি রংপুর সার্কিট হাউসে যান। পরে বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন, পল্লী মেলা পরিদর্শন, বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন এবং বিভিন্ন উপকারভোগীর মধ্যে গাছের চারা, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ ও কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

ভিওডি বাংলা/‎আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ছড়াতেই বরখাস্ত ভূমি কর্মকর্তা
ছবি: সংগৃহীত
দুর্নীতি প্রমাণিত হওয়ায় বরিশালে ভূমি কর্মকর্তা বরখাস্ত
ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২