বিকেলে এনসিপির পদযাত্রা
সকালে বৈদ্যুতিক তারে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল
মেহেরপুরের গাংনীতে এনসিপির শীর্ষ নেতাদের ছবি-সংবলিত কয়েকটি কুশপুতুল বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ভবন-সংলগ্ন একটি খুঁটি এবং পল্লী বিদ্যুৎ অফিসের সামনে কুশপুতুলগুলো দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুশপুতুলগুলো উদ্ধার করে।
উদ্ধার করা কুশপুতুলে এনসিপির কয়েকজন শীর্ষ নেতার ছবি ছিল। এছাড়া কুশপুতুলের গায়ে লেখা ছিল, ‘তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিলো রসাতলে। এদের প্রতিহত করুন, এদের ঘৃণা করুন।’
স্থানীয়দের ভাষ্য, সকালে হাঁটতে বের হয়ে তারা বৈদ্যুতিক তারে ঝুলন্ত কুশপুতুল দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ সেগুলো সরিয়ে নেয়।
সোমবার বিকেলে গাংনী বাজার বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় নেতাদের ধারণা, ওই কর্মসূচিকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটানো হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ অভিযোগ করেন, পদযাত্রাকে ঘিরে জনসমাগমে ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যে একটি সন্ত্রাসী গোষ্ঠী এ কাজ করেছে। তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, দুর্বৃত্তরা আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/আ









মন্তব্য