• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নাগরিকদের অসচেতনতা জলাবদ্ধতার অন্যতম কারণ: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০৬:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর জলাবদ্ধতা শুধু অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে নয়, নাগরিকদের অসচেতনতাও এর অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। 

তিনি বলেন, ড্রেনে পলিথিন, লেপ, বালিশসহ নানা ধরনের বর্জ্য ফেলায় পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার পাশাপাশি এ বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সোমবার ১৩ জুলাই  বিকেলে বাংলাদেশ নিউমার্কেট এলাকায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল এবং শাহনেওয়াজ ছাত্রাবাস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। খবর পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় দ্রুত লোক পাঠিয়ে জমে থাকা পানি অপসারণের ব্যবস্থা করা হয়েছে। তবে এটি সাময়িক সমাধান, স্থায়ী নয়।

তিনি বলেন, একসময় ধানমন্ডি, নিউমার্কেট ও আশপাশের এলাকার পানি নিষ্কাশনের একটি পথ বিডিআরের ভেতর দিয়ে ছিল। বিডিআর ট্র্যাজেডির পর সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা বেড়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো হলে তিনি নতুন একটি প্রকল্পের অনুমোদন দেন। প্রকল্পটি বাস্তবায়নে দেড় থেকে দুই বছর সময় লাগবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণের কারণে রাজধানীর অনেক খাল-বিল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার বর্ষা শেষে পর্যায়ক্রমে খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। দক্ষিণ ঢাকার পানি বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে নিষ্কাশনের পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে জরিপ করা হয়েছে। কোথাও যাতে পানি জমে মশার লার্ভা জন্মাতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট দুটি হলে ছাত্রীদের দাবির প্রেক্ষিতে দুই-এক দিনের মধ্যে দুটি ফগার মেশিনও দেওয়া হবে।

আবারও জলাবদ্ধতা দেখা দিলে দ্রুত সিটি করপোরেশনকে জানানোর আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, আপাতত পাম্পের মাধ্যমে পানি অপসারণই একমাত্র উপায়। পাশাপাশি এলাকাবাসী, ব্যবসায়ী ও হকারদের ড্রেনে বর্জ্য না ফেলার আহ্বান জানান তিনি।

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, নাগরিক সমস্যা সমাধান ও জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে হবে। সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আগাম প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান। প্রয়োজন হলে এ ধরনের কার্যক্রমে নিজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীও রাজধানীর জলাবদ্ধতা পরিস্থিতির নিয়মিত খোঁজখবর নিচ্ছেন এবং কোথাও জলাবদ্ধতার পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে রাজধানীর জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/খতিব/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি
এক হাজার টাকার জন্য বৃদ্ধ খুন, আটক ২
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭০
ছবি: সংগৃহীত
সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন