দেশের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইবরার টিপু প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। দীর্ঘ এই চিকিৎসা যাত্রায় একাধিক থেরাপি ও বড় অস্ত্রোপচারের পর সম্প্রতি তার মস্তিষ্কে সফলভাবে অস্ত্রোপচার (ব্রেইন সার্জারি) সম্পন্ন হয়েছে।
শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবে কঠিন সময় পার করার কথা জানিয়ে গত সোমবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট দেন এই শিল্পী।
পোস্টে হাসপাতালের দিনগুলোর কথা তুলে ধরে ইবরার টিপু লেখেন, “আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। আল্লাহ তুমি মাফ করো না। আমার সবচেয়ে কষ্ট, আমার বাবা নেই, মা থেকেও নেই। আর একজন এতিমের কেউ থাকে না আসলে।”
তিনি আরও লেখেন, গত দুই বছরের চিকিৎসাজীবন তাকে শারীরিক ও মানসিকভাবে ভীষণ ক্লান্ত করে তুলেছে। ঘরের তৈরি খাবার খাওয়ার সৌভাগ্যও হয়তো আর হবে না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
ইবরার টিপু জানান, পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকায় হাসপাতালের কক্ষে তিনি প্রায়ই একা সময় কাটান। এমন সময়ে কেউ এসে একটু কথা বলুক বা মুখে হাসি ফোটাক, সেই প্রত্যাশার কথাও তিনি পোস্টে তুলে ধরেন।
শিল্পী আরও জানান, চার দিন আগে তার ব্রেইন সার্জারি হয়েছে। এরপরও স্ত্রী, ছেলে ও মেয়ে নিজ নিজ কাজে ব্যস্ত থাকলেও তাদের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।
ইবরার টিপুর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তার স্ত্রী ও সংগীতশিল্পী মরিয়ম আক্তার কনা (বিন্দু কনা) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন।
সেখানে তিনি অপ্রয়োজনীয় ফোন বা বার্তা না পাঠানোর অনুরোধ জানিয়ে লেখেন, “দয়া করে আমাকে কেউ কল বা মেসেজ করবেন না। পারলে দোয়া করেন, না পারলে মনের আনন্দে কিছু একটা পোস্ট করেন। না হয় এসে সাহায্য করেন। আর তাও যদি না পারেন তাহলে দিন গোনেন। আল্লাহ যেন আপনাদেরও এমন একটা সময় পার করায়। মানুষ হন, আল্লাহ হেদায়েত দিক আপনাদের।”
তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সংগীতাঙ্গনে কাজ করে আসছেন ইবরার টিপু। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে তার সুর ও সংগীতে নির্মিত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। এছাড়া দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অসংখ্য জনপ্রিয় গানের সংগীতায়োজন এবং বিভিন্ন রিয়েলিটি শোতে সংগীত পরিচালনার মাধ্যমে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
ভিওডি বাংলা/তা









মন্তব্য