• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

উত্থান-পতনের রাজনীতি, বিতর্কে থামল গাজী নজরুল ইসলামের পথচলা

  সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৬, ১০:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরার শ্যামনগরের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ গাজী নজরুল ইসলাম। ছাত্ররাজনীতি দিয়ে রাজনৈতিক জীবনের শুরু, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, শিক্ষকতা, জামায়াতে ইসলামীর তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসা এবং তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে প্রায় পাঁচ দশকের রাজনৈতিক পথচলা ছিল তার। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাত্র পাঁচ মাসের মাথায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কে সেই রাজনৈতিক যাত্রায় বড় ধাক্কা লাগে। শেষ পর্যন্ত নৈতিক স্খলনের অভিযোগে দল থেকেই বহিষ্কার করা হয় তাকে।

১৯৫১ সালের ২১ অক্টোবর সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন গাজী নজরুল ইসলাম। প্রাথমিক শিক্ষা শেষে গাবুরা জিএনএম মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৬৭ সালে এসএসসি এবং সাতক্ষীরা কলেজ থেকে ১৯৭০ সালে এইচএসসি পাস করেন। পরে খুলনা বিএল কলেজে ডিগ্রিতে ভর্তি হন এবং ১৯৮৬ সালে ঢাকা কলেজ থেকে ডিগ্রি সম্পন্ন করেন।

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় জাসদ ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে সক্রিয় হন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে ডিগ্রি পরীক্ষার মাঝপথে যুদ্ধে অংশ নেন। তিনি দাবি করেছেন, মেজর এম এ জলিলের নেতৃত্বে ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রয়েছে।

স্বাধীনতার পর ১৯৭২ সালে জাসদে যোগ দেন গাজী নজরুল ইসলাম। ওই সময় একটি রাজনৈতিক সভা থেকে গ্রেপ্তার হয়ে প্রায় তিন মাস কারাভোগ করেন। পরে মামলায় খালাস পান।

১৯৭৫ সালে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এক বছর পর ১৯৭৬ সালে মাকসুদা খাতুনকে বিয়ে করেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

১৯৮৩ সালে জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে যোগ দিয়ে ধীরে ধীরে দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে দলের রোকন হন এবং শ্যামনগর থানা আমিরের দায়িত্ব পান। ১৯৯৩ সালে কেন্দ্রীয় শুরা সদস্য নির্বাচিত হন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনে পরাজিত হলেও ২০০১ সালে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে জয়ী হন। তিনি ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ড. মো. মনিরুজ্জামান পান ৮৫ হাজার ৪৬৬ ভোট।

রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে একাধিকবার কারাবন্দিও হয়েছেন গাজী নজরুল ইসলাম। ২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন মামলায় তাকে কয়েক দফা গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে এক মামলায় তার স্ত্রী মাকসুদা খাতুন ও মেয়ে শারমিন ফেরদৌসীকেও প্রায় ২৯ দিন কারাগারে থাকতে হয়।

গত ২০ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটির বিভিন্ন অংশ ভাইরাল হলে দেশজুড়ে আলোচনা শুরু হয়। এর পর তিনি দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে।

ভিডিও প্রকাশের পর শ্যামনগরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী তদন্ত শেষে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে তাকে দল থেকে বহিষ্কার করে।

এদিকে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তুলেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির। তার দাবি, গাজী নজরুল ইসলামের ছেলে, ঘনিষ্ঠজন ও শিবিরের নেতাকর্মীদের মাধ্যমে একটি বালুমহাল অবৈধভাবে পরিচালিত হতো। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে বিষয়টি একাধিকবার তোলা হলেও প্রভাবের কারণে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সাতক্ষীরা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। তার ভাষায়, জামায়াতে ইসলামী একটি নৈতিক সংগঠন এবং দল সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে।

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, শুধুমাত্র দলীয় বহিষ্কারের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
ফরিদপুরে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় চুরির চেষ্টা ব্যর্থ করে এক ব্যক্তিকে আটক করেন আনসার সদস্যরা। ছবি: সংগৃহীত
অগ্রণী ব্যাংকে চুরির চেষ্টা ব্যর্থ, আনসারের অভিযানে আটক ১