ঢাকার বর্জ্য থেকে মিলবে বিদ্যুৎ

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষে ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে দুটি বৃহৎ ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প দুটি বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে একটি ‘ওয়েস্ট-টু-এনার্জি’ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে অর্থায়ন করবে। এই প্রকল্পটি প্রতিদিন ঢাকা শহরের প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ২০২৮ সালের আগস্টের মধ্যে প্রকল্পটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই কেন্দ্র থেকে টানা ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার বি অ্যান্ড এফ কোম্পানি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে একটি বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মাধ্যমে বছরে বর্জ্য থেকে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপন্ন হবে, যা থেকে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট (দৈনিক প্রায় ২২১ মেগাওয়াটের সমতুল্য) বিদ্যুৎ উৎপাদিত হবে।
এই প্রকল্পে প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টন বর্জ্য ব্যবহৃত হবে। বিদ্যুৎ ছাড়াও এই প্রকল্প থেকে সৌরশক্তি, সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইট উৎপাদিত হবে; যা জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক উষ্ণায়ন হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই প্রকল্পটিকে দ্রুত এগিয়ে নিতে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভিওডি বাংলা/জা








মন্তব্য