• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রজ্ঞাপন জারির নয় দিনেও যোগ দেননি সিলেটের ডিসি

সিলেট প্রতিনিধি    ৬ জুলাই ২০২৬, ১০:১৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারির নয় দিন পেরিয়ে গেলেও এখনো দায়িত্ব বুঝে নেননি রেজা হাসান। নতুন ডিসি হিসেবে তার যোগদান ঘিরে প্রশাসনিক অঙ্গনে তৈরি হয়েছে নানা আলোচনা। তবে কী কারণে তিনি এখনো কর্মস্থলে যোগ দেননি, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেনি স্থানীয় প্রশাসন।

যোগাযোগ করলে সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা বলেন, ‘এটা (ডিসির যোগদান করা কিংবা না করা) জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারবে। আমাদের এ বিষয়ে কিছু জানা নেই।’

তবে সরকারদলীয় সিলেটের স্থানীয় একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে মু. রেজা হাসানের নিয়োগের বিষয়টি স্থানীয় একজন মন্ত্রীর মনঃপূত হয়নি। বিষয়টি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের অবহিত করেছেন। এখন সিলেটে আবার নতুন জেলা প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন হতে পারে।

এর আগে ২১ জুন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়। তবে জেলা প্রশাসককে প্রত্যাহারের কারণ কিংবা নতুন জেলা প্রশাসক হিসেবে কে দায়িত্ব নেবেন, তখন জারি হওয়া প্রজ্ঞাপনে উল্লেখ ছিল না।

পরে ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে কর্মরত মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়। ওই প্রজ্ঞাপন জারির পর রেজা হাসান কুমিল্লার ডিসির দায়িত্ব ছাড়লেও সিলেটে আর যোগ দেননি।

এদিকে প্রশাসনিক ও রাজনৈতিক একটি সূত্র দাবি করেছে, সিলেটে দায়িত্ব পালনকালে নানা ঘটনায় আলোচিত ছিলেন সারওয়ার আলম। সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার ইস্যুতে জেলা প্রশাসকের কিছু উদ্যোগ আলোচিত-সমালোচিত হয়।

একই সূত্র জানায়, ১২ জুন হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে যান সারওয়ার আলম। এ সময় তিনি মাজারের আয় ও ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। এরই অংশ হিসেবে ১৮ জুন বিকেলে মাজারে থাকা আগের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দানের অর্থ রাখার জন্য থাকা ঐতিহাসিক তিনটি দানের ডেগ সিলগালা করা হয়।

এ ঘটনার পর জেলা প্রশাসকের পক্ষে-বিপক্ষে বিস্তর আলোচনা-সমালোচনা তৈরি হয়। কেউ জেলা প্রশাসকের উদ্যোগকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন। আবার প্রশাসনের ব্যবস্থাপনায় দানবাক্স স্থাপনের বিষয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এ রকম আলোচনা–সমালোচনা চলাকালেই সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেয় সরকার। যদিও সরকারের একাধিক মন্ত্রী জেলা প্রশাসক বদলির ঘটনাকে ‘রুটিন ওয়ার্ক’ বলে মন্তব্য করেছেন।

ভিওডি বাংলা/আরআই/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৩০
মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৩০
ছবি: ভিওডি বাংলা
জামালপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
‘মাদকবিরোধী আন্দোলনের’ নামে ভাঙচুর-লুটপাটের অভিযোগ
‘মাদকবিরোধী আন্দোলনের’ নামে ভাঙচুর-লুটপাটের অভিযোগ