প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রতিনিধিদল। মঙ্গলবার (১৫ জুলাই) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে সংগঠনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিডি ক্লিনের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলে ছিলেন বিডি ক্লিনের সাবেক প্রধান সমন্বয়ক চম্পা আক্তার, জহিরুল ইসলাম রবি এবং বর্তমান প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান।
আলোচনায় প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম সারা দেশে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিডি ক্লিনের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
২০১৬ সালের ৩ জুন মাত্র একজন স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু করা বিডি ক্লিন বর্তমানে ৫৮ হাজারেরও বেশি সদস্য নিয়ে দেশের ৫৮টি জেলা ও ১৬৫টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে।
গত এক দশকে সংগঠনটি ১৮টি খাল, ৭টি নদী ও ৭৬টি উদ্যান পরিচ্ছন্ন করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য