ঢাবিতে আজ বড়পর্দায় দেখা যাবে না আর্জেন্টিনার ম্যাচ

বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা–মিশর ম্যাচটি নির্ধারিত ভেন্যুগুলোতে দর্শকদের জন্য প্রদর্শন করা হচ্ছে না।
মঙ্গলবার সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরূপ আবহাওয়ার কারণে দর্শকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজকের সব আয়োজন স্থগিত করা হয়েছে।
তবে ফুটবলপ্রেমীদের জন্য সুখবর হলো, আগামীকাল বুধবার (৮ জুলাই) আবহাওয়া স্বাভাবিক থাকলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আবারও বড়পর্দায় বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সম্প্রচার করা হবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় অ্যাথলেট স্পোর্টস গিয়ারের আয়োজনে টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীম উদ্দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠে বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হচ্ছিল।
অ্যাথলেট স্পোর্টস গিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সেজান মাহমুদ বলেন, বিশ্বকাপ ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ ও উপস্থিতি তাদের অনুপ্রাণিত করেছে। তবে নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা সম্ভব নয়। এ কারণেই সাময়িকভাবে আয়োজন বন্ধ রাখা হয়েছে। তিনি দর্শকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
টিএসসিতে খেলা দেখতে আসার প্রস্তুতি নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লুৎফর বলেন, বন্ধুদের সঙ্গে বড়পর্দায় ম্যাচ উপভোগের পরিকল্পনা ছিল। তবে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় আয়োজকদের সিদ্ধান্তটি যৌক্তিক। নিরাপদ থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরেক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, বড়পর্দায় খেলা দেখাকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল। আজ আয়োজন বন্ধ হওয়ায় কিছুটা খারাপ লাগছে, তবে আশা করছি আগামীকাল আবার সবাই একসঙ্গে খেলা উপভোগ করতে পারব।
আয়োজকরা বৈরী আবহাওয়ায় অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে আবহাওয়া অনুকূলে থাকলে বুধবার থেকে পূর্বের সূচি অনুযায়ী বড়পর্দায় বিশ্বকাপের সব ম্যাচ সম্প্রচার অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য