ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনা ‘অর্থহীন’

আন্তর্জাতিক ডেস্ক:
আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনায় যোগ দেওয়া ‘অর্থহীন’ হবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতা আসার আহ্বানের প্রেক্ষিতে এ কথা জানায় দেশটি।
শনিবার (১৪ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।
বিবৃতিতে ইরান জানিয়েছে, ‘ইসরায়েলের হামলার মুখে থাকা অবস্থায় ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় যুক্ত হওয়া ‘অর্থহীন’ হবে। এটা সুস্পষ্ট যে এই পরিস্থিতিতে এবং ইরানের জাতির বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এমন একটি দলের সাথে সংলাপে অংশগ্রহণ অর্থহীন হবে যারা আগ্রাসী শক্তির সবচেয়ে বড় সমর্থক ও সহযোগী।’
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বলেন, ইসরায়েলের ‘বর্বর আচরণ’ অব্যাহত থাকার পরও পরোক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার ‘কোনো যুক্তি নেই’।
আগামীকাল রোববার ওমানে যুক্তরাষ্ট ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তথ্যসূত্র : আলজাজিরা
ভিওডি বাংলা/এম







