• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুনেতে ময়লার স্তূপ ধসে নিহত ৮, নিখোঁজ ১

আন্তর্জাতিক ডেস্ক    ১২ জুলাই ২০২৬, ১২:০০ পি.এম.
মোশি বর্জ্য ডাম্পিং ইয়ার্ডে ধসে পড়া প্রশাসনিক ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত
মোশি বর্জ্য ডাম্পিং ইয়ার্ডে ধসে পড়া প্রশাসনিক ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার মোশি বর্জ্য ডাম্পিং ইয়ার্ডে ময়লার বিশাল স্তূপ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

শনিবার (১১ জুলাই) উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও সাতজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। এখনও একজন নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ নিখোঁজ ব্যক্তির সন্ধানে ভারতীয় সেনাবাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা যৌথভাবে কাজ করছেন। ধ্বংসস্তূপ ও ময়লার স্তূপের নিচে অনুসন্ধান চালাতে আধুনিক প্রযুক্তি ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

গত বুধবার দুপুর দেড়টার দিকে পিম্পরি-চিঞ্চওয়াড় পৌর করপোরেশন পরিচালিত মোশি বর্জ্য ডিপোর ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্রকল্পের প্রশাসনিক ভবনের ওপর হঠাৎ বিপুল পরিমাণ ময়লার স্তূপ ধসে পড়ে। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে ২২ জন কর্মরত ছিলেন। এছাড়া ভবনের পাশের অংশে আরও একজন চাপা পড়েন। দুর্ঘটনার পরপরই পাঁচজন নিজ উদ্যোগে নিরাপদ স্থানে বেরিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার পরপরই সেনাবাহিনী, এনডিআরএফ, পিম্পরি-চিঞ্চওয়াড় পৌর করপোরেশন, পিএমআরডিএ ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দিন ধ্বংসস্তূপ থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া ভবেশ ওয়ানিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এরপর ধাপে ধাপে আরও মরদেহ উদ্ধারের মাধ্যমে নিহতের সংখ্যা আটে পৌঁছায়।

উদ্ধার অভিযানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ক্ষতিগ্রস্ত প্রশাসনিক ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা। ভবনের কংক্রিটের অংশ যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা থাকায় উদ্ধারকর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হয়েছে। এ কারণে প্রথমে ভারী যন্ত্রের সহায়তায় ঝুঁকিপূর্ণ অংশ সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

ধ্বংসস্তূপ অপসারণে ১২টি এক্সকাভেটর, জেসিবি ও ডাম্পার ব্যবহার করা হয়। পরে আরও দু’টি আধুনিক ডেমোলিশন এক্সকাভেটর যুক্ত করা হয়। এনডিআরএফের কারিগরি তত্ত্বাবধানে ভবনের অনিরাপদ অংশ নিয়ন্ত্রিতভাবে অপসারণের পর উদ্ধারকারীরা ভেতরে প্রবেশ করতে সক্ষম হন।

এদিকে ভবনের পাশের ময়লার স্তূপের নিচে আটকে থাকা নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, বিশেষায়িত অনুসন্ধান যন্ত্র এবং ভারী সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
করাচির এক হাসপাতালে ৮০ শিশু এইডসে আক্রান্ত
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি সচল করতে ওমানের নতুন প্রস্তাব