• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাহবাগে ছাত্র-জনতার অবস্থান

আ’লীগ নিষিদ্ধের দাবিতে এবার ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি

   ৯ মে ২০২৫, ০৫:১১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৯ মে) বিকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকে শুরু হবে, যেদিন বাংলাদেশ টাইটেল পাবে ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’। আমরা সেই টাইটেল দেওয়ার জন্য কিছুক্ষণ আগে মানুষের সমাগম করার জন্য এ জায়গা বেছে নিয়েছিলাম। এ জায়গা থেকে আমরা এখন রাস্তা ব্লকেড করব। ইন্টারিমের কানে আমাদের কথা পৌঁছায় নাই; অন্তর্বর্তীকালীন সরকারের কানে আমাদের আওয়াজ পৌঁছায় নাই; অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহতদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না, আমরা এখান থেকে গিয়ে শাহবাগে অবরোধ করব। আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা জায়গা ছাড়ব না।

এর আগে দুপুর পৌনে তিনটার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা গেছে। 

গতকাল (৮ মে) রাত থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। রাত পেরিয়ে শুক্রবার সকালে এবং এখনো এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন।

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার বাদ জুমা মিন্টু রোডের পানির ফোয়ারার সামনে বড় জমায়েতের ঘোষণা দেন। এ বিক্ষোভ সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে  শাহবাগ মোড়ে এসে আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন। এর জের ধরে, চারপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ফেস্টুনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং গণহত্যার বিচারের আহ্বান দেখা যায়।

সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এই অবরোধে অংশ নেন। অবরোধের কারণে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি এবং বাংলামোটরগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপি নিলুফার চৌধুরী মনিকে ক্ষমা চাইতে বলেছে ইসলামী আন্দোলন
এমপি নিলুফার চৌধুরী মনিকে ক্ষমা চাইতে বলেছে ইসলামী আন্দোলন
এই সরকারের আমলে ২য় পদ্মা সেতু শুরু ও শেষ করতে হবে
শামসুজ্জামান দুদু এই সরকারের আমলে ২য় পদ্মা সেতু শুরু ও শেষ করতে হবে
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের