রথযাত্রা ঘিরে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা, উসকানি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি মাঠপর্যায়ে অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৬ জুলাই) র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র্যাব দীর্ঘদিন ধরে নিয়মিত দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযান, অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বাহিনীটি প্রস্তুত রয়েছে।
র্যাব জানায়, ১৬ জুলাই রথযাত্রা এবং আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে। এ সময় কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্রবিরোধী চক্র যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে আলাদা নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। রথযাত্রা ও উল্টো রথযাত্রার পুরো রুটে সামনে, পেছনে এবং দুই পাশে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আগে থেকেই স্কেলিটন ফোর্স অবস্থান নেবে, যাতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
এ ছাড়া উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহের জন্য স্থানীয় সোর্স ও তথ্যদাতাদের সক্রিয় রাখা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও বিভিন্ন রুটে দায়িত্ব পালন করবেন এবং সন্দেহভাজন ব্যক্তি কিংবা নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করবেন।
র্যাব জানায়, ২৪ জুলাই অনুষ্ঠিতব্য উল্টো রথযাত্রার দিন জুমার নামাজের সময়সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে রিজার্ভ ফোর্স।
যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উৎসবকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা, গুজব, বিভ্রান্তিকর তথ্য কিংবা উসকানিমূলক পোস্ট ও মন্তব্য শনাক্তে বিশেষ সাইবার পেট্রোলিং পরিচালনা করবে র্যাব।
বাহিনীটি জানিয়েছে, অনলাইনে বিদ্বেষ ছড়ানোর যেকোনো প্রচেষ্টা চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অন্যান্য গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
র্যাব বলছে, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য